বাণিজ্যিক যোগাযোগে নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

প্রকাশঃ আগস্ট ৪, ২০২৬ সময়ঃ ১০:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৬ অপরাহ্ণ

ব্যক্তিগত কথোপকথন ও ব্যবসাপ্রতিষ্ঠানের পাঠানো প্রচারণামূলক বার্তাকে আলাদা রাখতে নতুন একটি ফিচার চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা চালু হলে বাণিজ্যিক বার্তাগুলো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে ‘অফারস অ্যান্ড আপডেটস’ নামে একটি আলাদা ফোল্ডারে সংরক্ষিত হবে। এতে প্রয়োজনের সময় এসব বার্তা সহজেই খুঁজে পাওয়া যাবে, পাশাপাশি ব্যক্তিগত চ্যাটও থাকবে আরও গোছানো।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, বর্তমানে মেটা হোয়াটসঅ্যাপ বিজনেস প্ল্যাটফর্ম ব্যবহারকারী নির্বাচিত কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে ফিচারটির পরীক্ষামূলক কার্যক্রম চালাচ্ছে।

মেটার ভাষ্য অনুযায়ী, গ্রাহকদের সঙ্গে যোগাযোগে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো দিন দিন হোয়াটসঅ্যাপের ওপর বেশি নির্ভরশীল হয়ে উঠছে। এ কারণে ব্যক্তিগত ও ব্যবসায়িক বার্তার মধ্যে স্পষ্ট পার্থক্য রাখতে নতুন এই ব্যবস্থা আনা হচ্ছে।

পরীক্ষামূলক পর্যায়ে ব্যাংক, বিমানসংস্থা, খুচরা বিক্রয় প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠানো বার্তা প্রথমে ব্যবহারকারীর মূল চ্যাট তালিকায় দেখা যাবে। পরে নির্ধারিত সময় পার হলে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে ‘অফারস অ্যান্ড আপডেটস’ ফোল্ডারে চলে যাবে।

বর্তমানে বার্তাগুলো কতক্ষণ মূল ইনবক্সে থাকবে, তা নিয়ে বিভিন্ন সময়সীমা পরীক্ষা করছে মেটা। কিছু ক্ষেত্রে বাণিজ্যিক বার্তা ২৪ ঘণ্টা পর্যন্ত মূল চ্যাট তালিকায় রাখা হতে পারে। ফলে অর্ডারের হালনাগাদ তথ্য, পণ্য সরবরাহের অবস্থা, মূল্যছাড়, কুপন বা অন্যান্য সেবাসংক্রান্ত বার্তা প্রথমে স্বাভাবিকভাবেই দেখা যাবে, পরে সেগুলো আলাদা ফোল্ডারে সংরক্ষিত হবে।

মেটা জানিয়েছে, নতুন এ ফিচার ব্যবহার করা বাধ্যতামূলক হবে না। ব্যবহারকারী চাইলে এটি বন্ধ রেখে আগের মতোই সব বার্তা মূল চ্যাট তালিকায় রাখতে পারবেন। তবে ব্যবসায়িক বার্তা কতক্ষণ মূল ইনবক্সে থাকবে, সেই সময়সীমা ব্যবহারকারীরা নিজেরা নির্ধারণ করতে পারবেন না। পরীক্ষামূলক কার্যক্রমে পাওয়া ব্যবহারকারীদের মতামত ও ব্যবহারের অভিজ্ঞতা বিশ্লেষণ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G