বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জা ব্যবহারে নতুন বিধিনিষেধ

প্রকাশঃ এপ্রিল ৪, ২০২৬ সময়ঃ ১০:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৬ অপরাহ্ণ

জ্বালানি সাশ্রয়ে বিয়ে-উৎসবে আলোকসজ্জা নিষিদ্ধ, অফিস সময়েও পরিবর্তন

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশে বিভিন্ন খাতে নতুন নিয়ন্ত্রণমূলক সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে সরকারি-বেসরকারি অফিসের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। পাশাপাশি ব্যাংকিং লেনদেনের সময়েও পরিবর্তন আনা হয়েছে।

শুধু অফিস বা অর্থনৈতিক কার্যক্রমই নয়, সামাজিক আয়োজনেও এসেছে সীমাবদ্ধতা। বিয়ে কিংবা উৎসব উপলক্ষে কোনো ধরনের আলোকসজ্জা ব্যবহার না করার নির্দেশনা দিয়েছে সরকার। জ্বালানি সাশ্রয়ের স্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিয়ে বা যেকোনো উৎসব-অনুষ্ঠানে আলোকসজ্জা সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এছাড়া দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখতে হবে এবং এ বিষয়ে কঠোর নজরদারি চালানো হবে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে।

এই সীমাবদ্ধতা কতদিন বলবৎ থাকবে, তা এখনো নির্দিষ্ট নয়। পরিস্থিতির উন্নতি ও জ্বালানি সরবরাহের সক্ষমতা বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সরকার।

সরকারি তথ্য অনুযায়ী, দেশের প্রায় ৮০ শতাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়। সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতির কারণে সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। ইতোমধ্যে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে জ্বালানি আমদানি শুরু হয়েছে এবং কাজাখস্তান থেকেও সরবরাহের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G