ভিডিওর জন্য বিষাক্ত কাঁকড়া খেয়ে ফুড ভ্লগারের মৃত্যু

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৩, ২০২৬ সময়ঃ ১:১৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩০ পূর্বাহ্ণ

কনটেন্ট তৈরির ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জ এবার প্রাণ কেড়ে নিল এক ফুড ভ্লগারের। ফিলিপাইনের ৫১ বছর বয়সী এমা অমিত বিরল সামুদ্রিক প্রাণী রান্না করে ভিডিও বানাতে গিয়ে মৃত্যুবরণ করেছেন।

গত ৪ ফেব্রুয়ারি পুয়ের্তো প্রিন্সেসার একটি ম্যানগ্রোভ এলাকা থেকে তিনি কয়েক ধরনের সামুদ্রিক প্রাণী সংগ্রহ করেন। সেগুলোর মধ্যে ছিল অত্যন্ত বিষাক্ত এক প্রজাতির কাঁকড়া, যা স্থানীয়ভাবে ‘ডেভিল ক্র্যাব’ নামে পরিচিত। ওই কাঁকড়া রান্নার দৃশ্য তিনি সামাজিক মাধ্যমে লাইভ সম্প্রচার করেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়েন তিনি। দুই দিন পর, ৬ ফেব্রুয়ারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কাঁকড়া খাওয়ার পরদিন থেকেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। ঠোঁট নীল হয়ে যাওয়া, খিঁচুনি এবং শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দেয়। অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি।

স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং জানান, এমা ও তার স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি ছিলেন। সমুদ্রতীরবর্তী এলাকায় বসবাস করেও এমন ঝুঁকি নেওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই প্রজাতির কাঁকড়ার দেহে শক্তিশালী নিউরোটক্সিন থাকে—যা রান্না বা উচ্চ তাপেও নষ্ট হয় না। সামান্য পরিমাণ বিষও মানুষের স্নায়ুতন্ত্র ও শ্বাসপ্রশ্বাসের কার্যক্রম অচল করে দিতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনে এ ধরনের কাঁকড়া খেয়ে আক্রান্তদের মৃত্যুহার প্রায় অর্ধেকের কাছাকাছি।

ঘটনার পর স্থানীয় প্রশাসন সতর্কবার্তা জারি করেছে। উজ্জ্বল রঙের এ কাঁকড়া ধরার বা খাওয়ার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

প্রতি /এডি /শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G