অবৈধ মোটরসাইকেল চলাচলে দেশজুড়ে অভিযান
দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় ৫০ লাখ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পাশাপাশি সড়ক ও মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী মোটরসাইকেলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানান তিনি।
সোমবার (১৫ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য তুলে ধরেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রশ্নের জবাবে শেখ রবিউল আলম জানান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ৪৯ লাখ ৯৭ হাজার ৯০টি।
মন্ত্রী বলেন, যেসব মোটরসাইকেল এখনো নিবন্ধনের আওতায় আসেনি, সেগুলোর মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করলে নিবন্ধন গ্রহণের সুযোগ পাবেন। আবেদন যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট যানবাহনকে বৈধতার আওতায় আনা হবে।
তিনি আরও জানান, অনিবন্ধিত মোটরসাইকেলের অবাধ চলাচল রোধে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করছে।
প্রতি / এডি / শাআ













