জাতীয় রেল যোগাযোগে যুক্ত হবে দেশের সব জেলা

প্রকাশঃ জুলাই ২, ২০২৬ সময়ঃ ১১:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৫ অপরাহ্ণ

দেশের প্রতিটি জেলাকে ধাপে ধাপে রেল যোগাযোগের আওতায় আনার পরিকল্পনা বাস্তবায়নে এগোচ্ছে সরকার। এর অংশ হিসেবে ভাঙ্গা থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। এখন প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করার চেষ্টা চলছে।

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, ভাঙ্গা থেকে প্রায় ২৪৪ কিলোমিটার দীর্ঘ নতুন রেললাইন নির্মাণের সমীক্ষা সম্পন্ন হয়েছে। এই রেলপথ গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, বরগুনা ও পটুয়াখালীকে রেল নেটওয়ার্কে যুক্ত করবে। একই সঙ্গে ভবিষ্যতে যেসব জেলা এখনো রেলসেবার বাইরে রয়েছে, সেগুলোর জন্যও পর্যায়ক্রমে সম্ভাব্যতা যাচাই শুরু হবে।

পরিকল্পনা অনুযায়ী, নতুন রেলপথে ১৯টি বড় স্টেশন নির্মাণের প্রস্তাব রয়েছে। এছাড়া বরিশালে একটি মাল্টিমোডাল হাব এবং পায়রা বন্দরের সঙ্গে সংযোগ রেখে অর্থনৈতিক কার্যক্রম জোরদারের পরিকল্পনাও রয়েছে। প্রকল্পে ১৭ কিলোমিটার উড়াল রেলপথ, ৪৬টি সেতু এবং বিভিন্ন স্থানে আন্ডারপাস নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে, যাতে লেভেল ক্রসিং ছাড়াই ট্রেন চলাচল করতে পারে।

সরকারি হিসাবে, এ প্রকল্প বাস্তবায়নে প্রায় ৪৪ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। প্রতিমন্ত্রী বলেন, সমীক্ষার কাজ শেষ হওয়ায় এখন অর্থায়নের উৎস নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ড. হাদিউজ্জামানের মতে, শুধু যাত্রী পরিবহন নয়, পায়রা গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে একটি শক্তিশালী আমদানি-রপ্তানি করিডোর গড়ে তুলতে হবে। তাঁর ভাষ্য, রেলপথের সঙ্গে শিল্প, বন্দর ও পণ্য পরিবহনের সমন্বয় না ঘটলে এত বড় বিনিয়োগের পূর্ণ সুফল পাওয়া কঠিন হবে।

তিনি আরও বলেন, প্রতিটি জেলার নিজস্ব অর্থনৈতিক সম্ভাবনাকে বিবেচনায় রেখে রেল অবকাঠামো গড়ে তুলতে হবে। ভূমি ব্যবস্থাপনা, শিল্পায়ন এবং পরিবহন পরিকল্পনার সমন্বয় ঘটাতে পারলে নতুন রেলপথ দেশের বাণিজ্য ও অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে।

রেলপথ প্রতিমন্ত্রী জানান, সরকারের দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো দেশের সব জেলাকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসা। বর্তমানে পার্বত্য চট্টগ্রামের তিন জেলা এবং ভোলা এখনো সরাসরি রেল সংযোগের বাইরে রয়েছে। এসব এলাকাকেও ভবিষ্যতে জাতীয় রেল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে বাংলাদেশে প্রায় ৩ হাজার কিলোমিটার রেলপথ রয়েছে, যার মাধ্যমে দেশের ৪৮টি জেলা রেল যোগাযোগের সুবিধা পাচ্ছে। সরকারের পরিকল্পনা বাস্তবায়িত হলে পর্যায়ক্রমে বাকি জেলাগুলোও এই নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G