বোর্ডিং পাস নেওয়ার পরও বিমানে ওঠেননি ৬১ যাত্রী, কারণ এখনো অজানা

প্রকাশঃ জুলাই ১০, ২০২৬ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৫ অপরাহ্ণ

মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোর্ডিং পাস সংগ্রহ করার পরও ৬১ যাত্রী উড়োজাহাজে ওঠেননি। একই ফ্লাইটে আরও ১৫ জনকে বিভিন্ন পর্যায়ে আটকে দেওয়া হয়। ফলে মোট ৭৬ যাত্রীকে ছাড়াই নির্ধারিত সময়ে ঢাকা ত্যাগ করে ফ্লাইটটি। ঘটনাটি ঘিরে বিমানবন্দরজুড়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শনিবার রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, ফ্লাইটটিতে মোট ২৮৮ জন যাত্রীর বুকিং ছিল। তবে শেষ পর্যন্ত ২১২ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি রাত সাড়ে ৮টার দিকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, ইমিগ্রেশন বিভাগ ১০ জন যাত্রীকে উড়োজাহাজে ওঠার পর অফলোড করে। এছাড়া বোর্ডিং গেটে আরও পাঁচজনকে আটকে দেওয়া হয়। অন্যদিকে বোর্ডিং পাস নেওয়া ৬১ জন যাত্রী শেষ পর্যন্ত বোর্ডিং গেটেই উপস্থিত হননি।

বিমানবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, যাত্রীদের একটি অংশ সংঘবদ্ধ কোনো চক্রের মাধ্যমে মালয়েশিয়ায় কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করছিলেন। যারা ধরা পড়েছেন, তাদের সবাই বিদেশে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে। তবে বোর্ডিং না করা ৬১ যাত্রী বিমানবন্দর ত্যাগ করেছেন নাকি অন্য কোথাও অবস্থান করছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে বিমানবন্দর থানা জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বা ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলা করা হয়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান তালুকদার বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের উদ্যোগ নেওয়া হবে।

সাধারণ নিয়ম অনুযায়ী, যাত্রীরা প্রথমে এয়ারলাইনসের কাউন্টারে ব্যাগেজ জমা দিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করেন। এরপর ইমিগ্রেশন সম্পন্ন করে বোর্ডিং গেটে যান। ইমিগ্রেশন কর্তৃপক্ষের দায়িত্ব থাকে যাত্রীর পাসপোর্ট, ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, ইমিগ্রেশন পুলিশের কাছে জাল ই-ভিসা শনাক্ত করার প্রযুক্তি থাকলেও কিছু যাত্রীর ক্ষেত্রে যাচাই প্রক্রিয়ায় ত্রুটি ছিল। অভিযোগ রয়েছে, ভিসা যথাযথভাবে পরীক্ষা ছাড়াই এয়ারলাইনসের চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু করা হয়েছিল। পরে বোর্ডিং গেটে গিয়ে অন্তত পাঁচজনের ভিসা জাল বলে শনাক্ত হয়। ঘটনার পুরো বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও যাচাই প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G