হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, নতুন করে আক্রান্ত ১২০০-এর বেশি
দেশে হামের পরিস্থিতি এখনো উদ্বেগজনক। গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজনই ঢাকার বাসিন্দা। একই সময়ে নতুন করে ১ হাজার ১৪৯ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি পরীক্ষায় আরও ৮৩ জনের হাম শনাক্ত হয়েছে।
রোববার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামের পরিস্থিতি নিয়ে নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে ২৩ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৩৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৯৯ শিশু। অর্থাৎ উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৮।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৩ জনকে যুক্ত করলে ১৫ মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৮৭। অন্যদিকে এক দিনে হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৪৯ জন শনাক্ত হওয়ায় এ ধরনের রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫০ হাজার ৬৫২।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬৬৪ জন। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
প্রতি / এডি / শাআ






















