অতিথিদের জন্য ঘরেই তৈরি করুন এই ৩ লোভনীয় মিষ্টি, রইল সহজ রেসিপি
বাড়িতে অতিথি এলে চা-নাশতার পাশাপাশি মিষ্টিমুখের আয়োজন থাকলে আপ্যায়নটা হয়ে ওঠে আরও আনন্দময়। আত্মীয়স্বজনের দাওয়াত, পারিবারিক অনুষ্ঠান কিংবা হঠাৎ আসা মেহমান, যেকোনো উপলক্ষেই ঘরে তৈরি মিষ্টি হতে পারে বিশেষ আকর্ষণ। দোকান থেকে মিষ্টি কিনে আনার বদলে নিজের হাতে তৈরি করে নিতে পারেন খেজুরের ফিরনি, নারকেলের পেড়াকি ও কেশর ভাপা। উপকরণগুলো হাতের কাছে থাকলে বাড়িতেই তৈরি করা সম্ভব এই তিন পদ।
খেজুরের ফিরনি
উপকরণ:
ডালিয়া ১ কাপ
- দুধ ১ লিটার
- খেজুরের বাটা ১ কাপ
- ছোট এলাচের গুঁড়া আধা চা-চামচ
- কাঠবাদাম ও পেস্তাকুচি পরিমাণমতো
প্রস্তুত প্রণালি:
প্রথমে একটি শুকনো কড়াইয়ে ডালিয়া হালকা আঁচে ভেজে নিন। এরপর সামান্য পানি দিয়ে ঢেকে ডালিয়া নরম হওয়া পর্যন্ত সেদ্ধ করুন।
অন্য একটি পাত্রে দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। এবার সেদ্ধ ডালিয়া দুধের মধ্যে দিয়ে নাড়তে থাকুন, যাতে নিচে লেগে না যায়। মিশ্রণটি ঘন হয়ে এলে খেজুরের বাটা ও এলাচের গুঁড়া মিশিয়ে দিন। আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে চুলা বন্ধ করার আগে কাঠবাদাম ও পেস্তাকুচি ছড়িয়ে দিন।
ফিরনি ঠান্ডা হলে ফ্রিজে রেখে পরিবেশন করতে পারেন। অতিথিদের সামনে ছোট ছোট বাটিতে সাজিয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও হবে সুস্বাদু।
নারকেলের পেড়াকি
উপকরণ:
- ময়দা ২০০ গ্রাম
- ঘি ১ টেবিল-চামচ
- খোয়া ক্ষীর ৪ টেবিল-চামচ বা প্রয়োজনমতো
- বেকিং পাউডার সামান্য
- পানি পরিমাণমতো
- নারকেল কোরানো
- চিনি স্বাদমতো
- এলাচের গুঁড়া সামান্য
- ভাজার জন্য তেল
প্রস্তুত প্রণালি:
প্রথমে ময়দার সঙ্গে ঘি ও সামান্য বেকিং পাউডার মিশিয়ে নিন। অল্প অল্প পানি দিয়ে শক্ত করে ময়ান তৈরি করুন। এরপর ঢেকে ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।
এবার একটি প্যানে নারকেল কোরানো, খোয়া ক্ষীর, চিনি ও এলাচের গুঁড়া দিয়ে মাঝারি আঁচে নাড়তে থাকুন। পুরটি শুকনো ও আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করুন।
ময়দার মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। প্রতিটি রুটির মাঝখানে নারকেলের পুর দিয়ে অর্ধচন্দ্রাকারে মুড়ে দিন। দুই পাশ ভালোভাবে চেপে বন্ধ করে ধারগুলো নকশা করে দিতে পারেন।
সবশেষে মাঝারি আঁচে গরম তেলে পেড়াকিগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। তেল ঝরিয়ে ঠান্ডা হলে পরিবেশন করুন। চাইলে আগে তৈরি করে বায়ুরোধী পাত্রে রেখেও পরে অতিথিদের সামনে পরিবেশন করতে পারেন।
কেশর ভাপা
উপকরণ:
- ছানা পরিমাণমতো
- চিনি স্বাদমতো
- কেশর সামান্য
- কাজুবাদামকুচি
- পেস্তাকুচি
প্রস্তুত প্রণালি:
প্রথমে দুধ থেকে ছানা তৈরি করে ভালোভাবে পানি ঝরিয়ে নিন। ছানাটি মসৃণ করে মেখে তাতে চিনি, কাজুবাদামকুচি, পেস্তাকুচি ও সামান্য কেশর মিশিয়ে দিন।
এবার ছোট ছোট তাপসহনীয় বাটিতে ছানার মিশ্রণ ভরে নিন। একটি বড় পাত্রে অল্প পানি গরম করে তার মধ্যে বাটিগুলো বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাপে রান্না করুন। পানি যেন বাটির ভেতরে না ঢোকে, সেদিকে খেয়াল রাখুন।
ছানার মিশ্রণ জমে এলে চুলা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দিন। এরপর বাটির ওপর আরও কিছুটা কেশর, কাজুবাদাম ও পেস্তাকুচি ছড়িয়ে পরিবেশন করুন।
অতিথি আপ্যায়নে মিষ্টির আয়োজন হোক ঘরোয়া
অতিথিদের জন্য মিষ্টি তৈরি করতে সব সময় জটিল উপকরণ বা বিশেষ আয়োজনের প্রয়োজন হয় না। দুধ, খেজুর, নারকেল, ময়দা ও ছানার মতো পরিচিত উপকরণ দিয়েই তৈরি করা যায় ভিন্ন স্বাদের মিষ্টি। চা, নাশতা কিংবা দুপুরের খাবারের পর পরিবেশনের জন্যও এগুলো মানানসই।
সময় হাতে থাকলে অতিথি আসার আগেই মিষ্টিগুলো তৈরি করে রাখা যায়। এতে শেষ মুহূর্তে ব্যস্ততা কমবে, আর ঘরে তৈরি খাবার দিয়ে প্রিয়জনদের আপ্যায়নও হবে আরও আন্তরিক।
প্রতি / এডি / শাআ


















