বিনামূল্যে চ্যাটজিপিটি ব্যবহারে মিলবে সীমাহীন চ্যাটের সুযোগ

প্রকাশঃ আগস্ট ৮, ২০২৬ সময়ঃ ১০:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩৯ অপরাহ্ণ

বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির ব্যবহারে নতুন সুবিধা আনার উদ্যোগ নিয়েছে ওপেনএআই। আগামী সপ্তাহ থেকে সাধারণ লেখাভিত্তিক কথোপকথনে নির্দিষ্টসংখ্যক বার্তার সীমাবদ্ধতা তুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। ফলে বিনামূল্যের ব্যবহারকারীরা আগের তুলনায় অনেক বেশি সময় ধরে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন চালাতে পারবেন।

তবে এই সুবিধা সব ধরনের ব্যবহারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। ছবি বা ফাইল যুক্ত করে প্রশ্ন করা এবং কিছু বিশেষ সুবিধা ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত সীমা আগের মতোই বহাল থাকবে।

বর্তমানে বিনামূল্যের পাশাপাশি গো প্যাকেজের ব্যবহারকারীরাও নির্দিষ্টসংখ্যক বার্তা পাঠানোর পর ব্যবহারের সীমায় পৌঁছে যান। নতুন ব্যবস্থায় সাধারণ লেখাভিত্তিক প্রশ্নোত্তরের ক্ষেত্রে সেই বাধা থাকবে না। এতে দৈনন্দিন তথ্য খোঁজা, লেখালেখি কিংবা সাধারণ কথোপকথনের কাজে চ্যাটজিপিটি ব্যবহার আরও সহজ হবে।

জটিল প্রশ্নে যুক্তি বিশ্লেষণের নতুন সুবিধা

আগামী সপ্তাহে বিনামূল্যে ও গো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য ‘থিংক’ নামে নতুন একটি বোতাম চালুর কথা জানিয়েছে ওপেনএআই। জটিল কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে চ্যাটজিপিটিকে বিষয়টি আরও গভীরভাবে বিশ্লেষণের সুযোগ দেবে এই সুবিধা।

ব্যবহারকারী চাইলে জটিল প্রশ্নের ক্ষেত্রে এই বিকল্পটি নির্বাচন করতে পারবেন। তখন উত্তর তৈরির আগে বিষয়টির বিভিন্ন দিক বিবেচনা করে তুলনামূলকভাবে যুক্তিনির্ভর উত্তর দেওয়ার চেষ্টা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা।

নতুন মডেল যুক্ত হচ্ছে বিনামূল্যের সেবায়

এ সপ্তাহ থেকেই বিনামূল্যের ব্যবহারকারীদের জন্য চ্যাটজিপিটির প্রধান কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল হিসেবে জিপিটি-৫.৬ লুনা যুক্ত করার কথা রয়েছে। এর ফলে বিনামূল্যের সেবায় মডেল ব্যবহারের অভিজ্ঞতায় পরিবর্তন আসতে পারে।

অন্যদিকে প্লাস ও প্রো প্যাকেজের ব্যবহারকারীদের জন্য জিপিটি-৫.৬ সল মডেলেও উন্নয়ন আনা হচ্ছে। ওপেনএআইয়ের দাবি, নতুন সংস্করণে উত্তর দেওয়ার ক্ষেত্রে তথ্যের নির্ভুলতা ও নির্ভরযোগ্যতা বাড়ানোর দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তারিখ, সংখ্যা, তথ্যের উৎস, বিভিন্ন নিয়ম এবং অনুমানের ওপর নির্ভরশীল প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ভুলের পরিমাণ কমানোকে উন্নয়নের অন্যতম লক্ষ্য হিসেবে ধরা হয়েছে।

উত্তর হবে আরও সংক্ষিপ্ত ও সরাসরি

নতুন সংস্করণে অপ্রয়োজনীয় ব্যাখ্যা ও অতিরিক্ত তথ্য কমিয়ে তুলনামূলকভাবে সরাসরি উত্তর দেওয়ার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে প্রয়োজনীয় তথ্য দ্রুত পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া প্লাস ও প্রো ব্যবহারকারীদের জন্য নতুন একটি নিয়ন্ত্রণ সুবিধা চালু করা হবে। এর মাধ্যমে কোনো প্রশ্নের উত্তর তৈরির সময় চ্যাটজিপিটি কতটা বিশ্লেষণ বা যুক্তি প্রয়োগ করবে, ব্যবহারকারী তা নিজের প্রয়োজন অনুযায়ী নির্ধারণ করতে পারবেন।

নতুন পরিবর্তনগুলো ধাপে ধাপে চালু হলে বিনামূল্যের ব্যবহারকারীদের সাধারণ কথোপকথনের অভিজ্ঞতায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে অর্থপ্রদানের প্যাকেজ ব্যবহারকারীরা উত্তর তৈরির প্রক্রিয়ার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G