সোমবার থেকে ট্রেনে টিকিট-যাত্রীর পরিচয় যাচাইয়ে মাঠে নামছেন ম্যাজিস্ট্রেট
অনলাইনে টিকিট ছাড়ার পর অল্প সময়ের মধ্যেই ট্রেনের টিকিট শেষ হয়ে যাওয়ার ঘটনায় সিলেটে টিকিট কালোবাজারি ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আগামী সোমবার থেকে সিলেট রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালন করবেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। টিকিটে উল্লেখ করা যাত্রীর নামের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য মিলিয়ে দেখা হবে। কোনো ধরনের অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট যাত্রীকে ট্রেনে ভ্রমণ করতে দেওয়া হবে না।
সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে টিকিট কালোবাজারি বন্ধ এবং যাত্রীদের জন্য টিকিটপ্রাপ্তি সহজ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন। গত বৃহস্পতিবার রাতে সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। এ সময় চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টিকিট বিক্রি ও যাত্রীদের পরিচয়সংক্রান্ত বিভিন্ন অনিয়ম পর্যবেক্ষণ করা হয়।
জেলা প্রশাসক জানান, সোমবার থেকে ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিটের নামের সঙ্গে যাত্রীর জাতীয় পরিচয়পত্রের তথ্য মিলতে হবে। সিলেট থেকে ঢাকা কিংবা অন্য কোনো গন্তব্যে যেতে হলে যাত্রীর টিকিট ও এনআইডিতে থাকা নামের মধ্যে সামঞ্জস্য থাকা বাধ্যতামূলক। বৃহস্পতিবার রাতেও কয়েকজন যাত্রীর টিকিটের সঙ্গে এনআইডির নামের অমিল পাওয়া গেছে বলে জানান তিনি।
এদিকে, অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত করার পরপরই তা শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সম্প্রতি আদালতে স্বপ্রণোদিত মামলা করেন সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল নোমান। গত বুধবার মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে হস্তান্তর করা হয়।
ঘটনাটি আলোচনায় আসার পরদিনই সিলেট রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন জেলা প্রশাসক। পরিদর্শন শেষে টিকিটের অনিয়ম শনাক্ত এবং কালোবাজারি প্রতিরোধে প্রশাসনের নেওয়া পদক্ষেপের কথা জানান তিনি।
নতুন এই ব্যবস্থার মাধ্যমে টিকিটের অপব্যবহার ও অন্যের পরিচয়ে ভ্রমণ ঠেকানো সম্ভব হবে বলে আশা করছে জেলা প্রশাসন।
প্রতি / এডি / শাআ



















