ঢাকা থেকে সৌদিগামী ১০৩ ফ্লাইট বাতিল, যাত্রার অপেক্ষায় হাজারো যাত্রী
নিরাপত্তাজনিত কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গত পাঁচ দিনে ১০৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এসব ফ্লাইট বাতিলের ফলে ১৫ হাজার ৭৭৯ জন যাত্রী আটকা পড়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এ তথ্য জানান।
বেবিচক সূত্রে জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ৪২টি সরাসরি ফ্লাইট। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি, সৌদিয়া এয়ারের ৮টি এবং রিয়াদ এয়ারের ৭টি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে, ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে ৬১টি। এসব ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৮টি, ফ্লাইদুবাইয়ের ৬টি এবং এয়ার ইন্ডিয়ার ৩টি ফ্লাইট রয়েছে।
বেবিচক জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট বাতিলের এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। ফলে যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তি চলার আশঙ্কা রয়েছে।
প্রতি / এডি / শাআ



















