বিশ্বের সবচেয়ে জনবহুল পাঁচ শহর, জনসংখ্যায় কার অবস্থান কোথায়?

প্রকাশঃ নভেম্বর ৭, ২০২৬ সময়ঃ ৯:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫০ অপরাহ্ণ

বিশ্বের বিভিন্ন অঞ্চলে নগরায়ণের বিস্তার ঘটছে দ্রুতগতিতে। কাজ, শিক্ষা, চিকিৎসা ও উন্নত জীবনযাপনের সুযোগ খুঁজতে প্রতিদিনই মানুষ শহরমুখী হচ্ছেন। ফলে বড় বড় নগরীর জনসংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্য হারে। এমনকি কোনো কোনো শহরের বাসিন্দার সংখ্যা অনেক দেশের মোট জনসংখ্যাকেও ছাড়িয়ে গেছে।

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় বর্তমানে প্রথম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অন্যদিকে, একসময় জনসংখ্যার হিসাবে শীর্ষে থাকা জাপানের টোকিও এখন রয়েছে তৃতীয় অবস্থানে।

জাতিসংঘের প্রকাশিত ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। ২০২৫ সালের জনসংখ্যার হিসাবের ভিত্তিতে তৈরি তালিকায় এশিয়ার শহরগুলোর প্রাধান্য দেখা গেছে। প্রতিবেদনে ২০৫০ সাল নাগাদ এসব শহরের জনসংখ্যা কত হতে পারে, সে সম্পর্কেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে জাকার্তার জনসংখ্যা প্রায় ৪ কোটি ১৯ লাখ। অন্যদিকে, ঢাকায় বসবাস করছেন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ। এই হিসাবে বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর ঢাকা। টোকিওর জনসংখ্যা প্রায় ৩ কোটি ৩৪ লাখ।

২০২৫ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল পাঁচ শহর

১. জাকার্তা, ইন্দোনেশিয়া: প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষ। ২০৫০ সালে জনসংখ্যা বেড়ে হতে পারে ৫ কোটি ১৮ লাখ।

২. ঢাকা, বাংলাদেশ: প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ। ২০৫০ সালে জনসংখ্যা দাঁড়াতে পারে ৫ কোটি ২১ লাখে।

৩. টোকিও, জাপান: প্রায় ৩ কোটি ৩৪ লাখ মানুষ। ২০৫০ সালে জনসংখ্যা কমে হতে পারে ৩ কোটি ৭ লাখ।

৪. নয়াদিল্লি, ভারত: প্রায় ৩ কোটি ২ লাখ মানুষ। ২০৫০ সালে জনসংখ্যা বেড়ে হতে পারে ৩ কোটি ৩৯ লাখ।

৫. সাংহাই, চীন: প্রায় ২ কোটি ৯৬ লাখ মানুষ। ২০৫০ সালে জনসংখ্যা বেড়ে হতে পারে ৩ কোটি ৪৯ লাখ।

শহরের জনসংখ্যা গণনায় বদলেছে জাতিসংঘের পদ্ধতি

বিশ্বের জনবহুল শহরের তালিকা তৈরিতে এবার আগের তুলনায় ভিন্ন পদ্ধতি অনুসরণ করেছে জাতিসংঘ। আগে অনেক ক্ষেত্রে শহরের প্রশাসনিক সীমানার মধ্যে বসবাসকারী মানুষের সংখ্যাকে গুরুত্ব দেওয়া হতো। কিন্তু নতুন পদ্ধতিতে শহরের মূল সীমানার পাশাপাশি এর সঙ্গে যুক্ত আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোকেও হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ জন্য স্যাটেলাইট থেকে পাওয়া ছবি, জনসংখ্যা জরিপ ও আদমশুমারির তথ্য ব্যবহার করা হয়েছে। নতুন সংজ্ঞা অনুযায়ী, প্রতি বর্গকিলোমিটারে অন্তত ১ হাজার ৫০০ মানুষের বসবাস রয়েছে এবং মোট জনসংখ্যা কমপক্ষে ৫০ হাজার, এমন সংযুক্ত এলাকাকে নগরাঞ্চল হিসেবে বিবেচনা করা হয়েছে।

এই পদ্ধতির কারণেই জাকার্তার জনসংখ্যার হিসাবে বড় পার্থক্য দেখা গেছে। শহরটির প্রশাসনিক এলাকার মধ্যে বাস করেন প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ। কিন্তু আশপাশের সংযুক্ত নগরাঞ্চল যুক্ত করায় মোট জনসংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ১৯ লাখে।

ঢাকার ক্ষেত্রেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। ফলে শুধু ঢাকা শহরের প্রশাসনিক এলাকার পরিবর্তে বৃহত্তর নগরাঞ্চলের জনসংখ্যা বিবেচনায় নেওয়া হয়েছে।

২০৫০ সালে জনসংখ্যায় জাকার্তাকে ছাড়াতে পারে ঢাকা

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দশকে ঢাকার জনসংখ্যা আরও দ্রুত বাড়তে পারে। ২০৫০ সাল নাগাদ রাজধানী ঢাকার জনসংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৫ কোটি ২১ লাখে। অন্যদিকে, একই সময়ে জাকার্তার জনসংখ্যা হতে পারে ৫ কোটি ১৮ লাখ।

এই পূর্বাভাস বাস্তবায়িত হলে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকায় প্রথমবারের মতো শীর্ষস্থান দখল করতে পারে ঢাকা। অর্থাৎ, বর্তমানের দ্বিতীয় অবস্থান থেকে এগিয়ে গিয়ে জাকার্তাকে পেছনে ফেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রাজধানীর।

এদিকে, ভবিষ্যতে টোকিওর জনসংখ্যা কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। ২০৫০ সালে শহরটির জনসংখ্যা ৩ কোটি ৭ লাখে নেমে আসতে পারে। বিপরীতে, নয়াদিল্লি ও সাংহাইয়ের জনসংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বজুড়ে বাড়ছে মেগাসিটির সংখ্যা

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের মোট জনসংখ্যা প্রায় ৮২০ কোটি। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশ মানুষ শহরাঞ্চলে বসবাস করেন। নগরায়ণের এই বিস্তারের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেগাসিটির সংখ্যাও।

২০২৫ সালে বিশ্বে ১ কোটির বেশি জনসংখ্যার শহর বা মেগাসিটির সংখ্যা দাঁড়িয়েছে ৩৩টিতে। অথচ ১৯৭৫ সালে এমন শহর ছিল মাত্র আটটি। অর্থাৎ, গত পাঁচ দশকে বিপুলসংখ্যক মানুষ বড় শহরগুলোতে বসতি গড়েছেন।

জনসংখ্যা বৃদ্ধির এই ধারা অব্যাহত থাকলে আগামী কয়েক দশকে বিশ্বের বড় শহরগুলোর চেহারা আরও বদলে যেতে পারে। বিশেষ করে ঢাকা, জাকার্তা ও নয়াদিল্লির মতো এশীয় নগরীগুলো বিশ্ব নগরায়ণের গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G