চাঁদা না দেওয়ায় ঠিকাদারের গাড়ি নিয়ে গেলেন বিএনপি নেতা

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতাসহ চারজনের বিরুদ্ধে। দাবিকৃত টাকা না পেয়ে ঠিকাদারের ছেলেকে মারধর করে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগী। মোটরসাইকেলটির দাম ১ লাখ টাকা ধরে বাকি ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে বলে জানিয়েছেন ঠিকাদার।
অভিযুক্তরা হলেন মাধবপাশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, বিএনপির কর্মী সাকিব হাওলাদার, সজিব হাওলাদার ও মুবিন মোল্লা। তাঁদের সবার বাড়ি ওই ইউনিয়নে।
এ ঘটনায় অভিযুক্ত চারজনের নাম উল্লেখ করে গত রোববার (৮ নভেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঠিকাদার রুস্তম হাওলাদার। এর আগে শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে যা বলেছেন ঠিকাদার
থানায় দেওয়া লিখিত অভিযোগে রুস্তম হাওলাদার জানান, মাধবপাশা ইউনিয়নের বাইপাস-হাদিবাসকাঠী সড়কের ২ হাজার ৬০০ মিটার পিচঢালাইয়ের নির্মাণকাজে তিনি সাবঠিকাদার হিসেবে দায়িত্ব পালন করছেন। শনিবার রাতে বাদলা প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠের দিকে যাওয়ার পথে অভিযুক্তরা সড়কের নির্মাণকাজে বাধা দেন। এ সময় কাজ চালিয়ে যেতে হলে তাঁদের ৩ লাখ টাকা চাঁদা দিতে হবে বলে জানিয়ে দেন।
রুস্তমের অভিযোগ, দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেন। একপর্যায়ে তাঁকে মারধর করা হয়। বিএনপি নেতা মাহবুব মোল্লার নেতৃত্বে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তিনি। এ সময় তাঁর ছেলেসহ সঙ্গে থাকা অন্যদেরও মারধর ও ভয়ভীতি দেখানো হয়। পরে তাঁর ছেলের ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যান অভিযুক্তরা। মোটরসাইকেলটির দাম ১ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছেন ঠিকাদার।
এ বিষয়ে রুস্তম হাওলাদার বলেন, ‘অভিযুক্তরা এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মে জড়িত। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছি।’
মোটরসাইকেল নেওয়ার কথা স্বীকার বিএনপি নেতার
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মাহবুব মোল্লা মোটরসাইকেল নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। তবে তাঁর দাবি, রুস্তম হাওলাদারের কাছে তিনি টাকা পান। ওই সড়কের নির্মাণকাজে তাঁরও অংশীদারত্ব রয়েছে। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি নিজের কাছে রেখেছেন।
মাহবুব মোল্লা বলেন, ‘আমি রুস্তমের কাছে টাকা পাই। ওই সড়কের নির্মাণকাজে আমি অংশীদার আছি। পাওনা টাকা দিতে রাজি না হওয়ায় মোটরসাইকেলটি এনে নিজের কাছে রেখেছি। টাকা দিলে ফেরত দেব।’
পাওনা টাকা আদায়ের জন্য মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়টি আইনসম্মত কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র নেতারা বসে বিষয়টি মীমাংসা করে দেবেন। তাঁরা বিষয়টি জানেন।’
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রতি / এডি / শাআ






















