বাড়িতে আসা অতিথিকে জুতা খুলতে বলাটা কি অভদ্রতা?

প্রকাশঃ নভেম্বর ২৩, ২০২৬ সময়ঃ ৯:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ অপরাহ্ণ

বাইরে চলাফেরার সময় জুতার তলায় জমে ধুলাবালি, কাদা ও নানা ধরনের জীবাণু। সেই জুতা পরেই কেউ ঘরে প্রবেশ করলে মুহূর্তেই নোংরা হয়ে যেতে পারে ঘরের মেঝে কিংবা কার্পেট। এ কারণে অনেকেই বাড়ির ভেতরে বাইরের জুতা পরার অনুমতি দেন না। তবে অতিথি এলে পরিস্থিতি কিছুটা ভিন্ন হয়ে যায়। কাউকে জুতা খুলে ঘরে ঢুকতে বললে তিনি অপমানিত বোধ করবেন কি না, তা নিয়ে অনেকেই দ্বিধায় থাকেন।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এ বিষয়ে ভিন্ন ভিন্ন সংস্কৃতি প্রচলিত রয়েছে। মিনেসোটার মতো কিছু এলাকায় ঘরে প্রবেশের আগে জুতা খোলার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখা হয়। অন্যদিকে পাহাড়ি অঞ্চল হওয়ায় কলোরাডোর অনেক বাসিন্দা ঘরের ভেতরেও হাইকিংয়ের জুতা বা বুট পরে চলাফেরা করেন। জুতায় অতিরিক্ত কাদা বা পানি না থাকলে সেগুলো খোলার প্রয়োজন মনে করেন না অনেকে।

তাহলে বাড়িতে আসা অতিথিকে জুতা খুলতে অনুরোধ করা কি সত্যিই অশোভন আচরণ? নাকি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য এটি প্রয়োজনীয়? বিষয়টি বুঝতে হলে দেখতে হবে বৈজ্ঞানিক গবেষণা ও সামাজিক শিষ্টাচার কী বলছে।

জুতার তলায় লুকিয়ে থাকে নানা ধরনের জীবাণু

বাইরে ব্যবহৃত জুতার তলায় বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্যান্য অণুজীব জমে থাকতে পারে। ২০২৩ সালে ‘ইনডোর অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় ঘরের ভেতরের পরিবেশে জুতার মাধ্যমে জীবাণু ছড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরা হয়।

বাইরের রাস্তা, গণপরিসর কিংবা পাবলিক টয়লেটের মেঝেতে হাঁটার সময় এসব অণুজীব জুতার তলায় আটকে যায়। পরে সেই জুতা নিয়ে ঘরে প্রবেশ করলে জীবাণুগুলো মেঝে, কার্পেট ও গালিচায় ছড়িয়ে পড়তে পারে। গবেষণায় জুতার তলার জীবাণুদূষণের মাত্রা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ কারণেই ঘরের ভেতরে বাইরের জুতা ব্যবহার না করার পরামর্শ দেন পরিচ্ছন্নতা বিশেষজ্ঞরা।

শুধু জীবাণুর বিষয় নয়, জুতার সঙ্গে ঘরে প্রবেশ করে কাদা, বালি, পানি ও রাস্তার ময়লাও। এতে ঘরের মেঝে পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ে। আবার দীর্ঘ সময় ভারী জুতা পরে থাকলে ঘরের ভেতরে স্বাভাবিকভাবে চলাফেরাও অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে।

যুক্তরাষ্ট্রে পরিচালিত একটি জরিপেও ঘরে জুতা খোলার প্রবণতার চিত্র উঠে এসেছে। ২০২৩ সালে সিবিএস নিউজের প্রকাশিত জরিপ অনুযায়ী, প্রতি তিনজন মার্কিন নাগরিকের মধ্যে প্রায় দুজন বাড়িতে প্রবেশের সময় জুতা খুলে রাখেন।

অতিথিকে জুতা খুলতে বলতে সংকোচ কেন?

নিজের বাড়িতে জুতা খুলে রাখার অভ্যাস থাকলেও অতিথিদের একই নিয়ম মানতে বলতে অনেকেই অস্বস্তি বোধ করেন। এর প্রধান কারণ সামাজিক সৌজন্য। অতিথিকে সম্মান জানানো আমাদের প্রচলিত শিষ্টাচারের অংশ। সেখানে সরাসরি জুতা খুলতে বললে কেউ কেউ বিষয়টিকে অসম্মান বা অস্বস্তিকর নির্দেশ হিসেবে নিতে পারেন।

বিশেষ করে অপরিচিত অতিথি কিংবা আনুষ্ঠানিক কোনো অনুষ্ঠানে এমন অনুরোধ করা কঠিন মনে হতে পারে। তবে পরিচিত বন্ধু ও আত্মীয়দের ক্ষেত্রে বিষয়টি সাধারণত সহজেই মেনে নেওয়া হয়।

সিবিএস নিউজের ওই জরিপে দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, বাড়ির মালিক যদি বিনয়ের সঙ্গে জুতা খুলে রাখতে অনুরোধ করেন, তাহলে তাঁরা সেটিকে অযৌক্তিক মনে করবেন না।

জুতা খোলার ক্ষেত্রে ব্যক্তিগত অস্বস্তিও একটি বড় কারণ। কারও মোজা ছেঁড়া বা অপরিষ্কার থাকতে পারে। কারও পায়ে দুর্গন্ধের সমস্যা থাকতে পারে, আবার কেউ নিজের পায়ের গড়ন নিয়ে বিব্রত বোধ করতে পারেন। এসব কারণে অতিথির সামনে জুতা খুলতে অনেকে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

পোশাকের সঙ্গে জুতার সামঞ্জস্যও কারও কারও কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ কোনো অনুষ্ঠানে সুন্দর পোশাকের সঙ্গে মানানসই জুতা পরে এলে সেটি খুলে রাখাকে অনেকে নিজের সাজের অসম্পূর্ণতা হিসেবে দেখেন। ফলে সাধারণ সামাজিক আয়োজনের বাইরে আনুষ্ঠানিক অনুষ্ঠানে বিষয়টি আরও সংবেদনশীল হয়ে ওঠে।

কোন পরিস্থিতিতে জুতা খোলার অনুরোধ করা যায়?

ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখতে বাইরের জুতা খুলে রাখার নিয়ম কার্যকর হতে পারে। তবে অতিথিদের ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার আগে কয়েকটি বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন।

প্রথমত, অনুষ্ঠানের ধরন গুরুত্বপূর্ণ। ঘরোয়া আড্ডা কিংবা পারিবারিক আয়োজনে অতিথিদের জুতা খুলে রাখার অনুরোধ করা স্বাভাবিক। কিন্তু বড় কোনো অনুষ্ঠান বা আনুষ্ঠানিক আয়োজনে একই নিয়ম সবার জন্য বাধ্যতামূলক করা অস্বস্তির কারণ হতে পারে।

দ্বিতীয়ত, অতিথির শারীরিক অবস্থা বিবেচনা করতে হবে। বয়সজনিত সমস্যা, চলাফেরায় অসুবিধা কিংবা শারীরিক ভারসাম্য রক্ষার প্রয়োজন হলে কারও কারও জন্য জুতা খুলে রাখা কঠিন হতে পারে। এমন পরিস্থিতিতে তাঁদের ওপর কোনো ধরনের চাপ দেওয়া উচিত নয়।

আবহাওয়াও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুষ্ক দিনে জুতার তলায় তুলনামূলক কম ময়লা জমলেও বর্ষাকালে কাদা ও পানি লেগে ঘরের মেঝে নোংরা হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই পরিস্থিতি বুঝে অতিথিদের জুতা খুলে রাখার অনুরোধ করা যেতে পারে।

অনুরোধ জানানোর পদ্ধতিও হওয়া উচিত মার্জিত। দরজার পাশে ছোট একটি নোটিশ রাখা যেতে পারে, যেখানে ঘরে প্রবেশের আগে জুতা খুলে রাখার অনুরোধ জানানো থাকবে। পাশাপাশি অতিথিদের বসার জন্য ছোট বেঞ্চ এবং জুতা রাখার র‍্যাকের ব্যবস্থা করা যেতে পারে।

আরও ভালো হয় যদি অতিথিদের ব্যবহারের জন্য পরিষ্কার ইনডোর স্লিপার বা অতিরিক্ত মোজা রাখা যায়। এতে বাইরের জুতা খুলতে হলেও তাঁদের চলাফেরায় অস্বস্তি হবে না।

অতিথির ওপর নিয়ম চাপিয়ে দেওয়া ঠিক নয়

ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য অতিথিকে জুতা খুলতে অনুরোধ করা মোটেও অভদ্রতা নয়। তবে সেটি হতে হবে যথেষ্ট ভদ্রতা ও আন্তরিকতার সঙ্গে। একই সঙ্গে অতিথির ব্যক্তিগত সুবিধা ও শারীরিক প্রয়োজনের বিষয়টিও গুরুত্ব দিতে হবে।

কেউ যদি কোনো কারণে জুতা খুলতে না চান, তাহলে তাঁর সিদ্ধান্তকে সম্মান জানানোই ভালো। কারণ ঘরের নিয়ম মানানোর চেয়ে অতিথির স্বাচ্ছন্দ্য ও সম্পর্কের আন্তরিকতা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

ছোট একটি বিষয় নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করার চেয়ে অতিথির চলে যাওয়ার পর ঘরের মেঝে পরিষ্কার করে নেওয়াই হতে পারে বুদ্ধিমানের কাজ। শেষ পর্যন্ত পরিচ্ছন্নতা বজায় রাখা যেমন জরুরি, তেমনি অতিথির প্রতি সম্মান ও সৌজন্য দেখানোও সমান গুরুত্বপূর্ণ।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G