কেয়ামতের বিভীষিকাময় দিনে মানুষের বিরুদ্ধে সাক্ষ্য দেবে যে ৫ সৃষ্টি
পরকালের প্রতি বিশ্বাস ইসলামের মৌলিক আকিদাগুলোর একটি। দুনিয়ার জীবন শেষ হওয়ার পর মানুষকে পুনরুত্থিত হতে হবে এবং নিজের জীবনের প্রতিটি কাজের হিসাব দিতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘প্রকৃত পুণ্যবান সে, যে ইমান আনে আল্লাহর প্রতি, পরকালের দিনের প্রতি…।’ (সুরা বাকারা, আয়াত: ১৭৭)
কেয়ামতের দিন মানুষের সামনে তার দুনিয়ার জীবনের সব কাজের হিসাব তুলে ধরা হবে। সেদিন শুধু আমলনামার ওপর নির্ভর করেই বিচার হবে না, বরং বিভিন্ন সৃষ্টি ও সাক্ষী মানুষের পক্ষে কিংবা বিপক্ষে তাদের বক্তব্য তুলে ধরবে। এমনকি মানুষের নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গও সেদিন কথা বলবে।
পবিত্র কোরআন ও হাদিসে কেয়ামতের দিনের এমন পাঁচ ধরনের গুরুত্বপূর্ণ সাক্ষীর কথা উঠে এসেছে। তাদের সাক্ষ্যে মানুষের দুনিয়ার জীবনের নানা কর্মকাণ্ড প্রকাশ পাবে।
১. পৃথিবী জানিয়ে দেবে মানুষের কৃতকর্ম
মানুষ যে পৃথিবীতে বসবাস করে, যে মাটির ওপর দিয়ে চলাফেরা করে এবং যে জমিনে দাঁড়িয়ে নামাজ আদায় করে, কেয়ামতের দিন সেই পৃথিবীও তার ওপর ঘটে যাওয়া ঘটনাগুলোর সাক্ষ্য দেবে।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। কারণ, আপনার রব তাকে নির্দেশ দেবেন।’ (সুরা জিলজাল, আয়াত: ৪-৫)
এই আয়াতের ব্যাখ্যায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) জানিয়েছেন, পৃথিবী তার বুকে সংঘটিত কাজগুলোর বিবরণ তুলে ধরবে। অর্থাৎ মানুষ পৃথিবীর যে স্থানে যে কাজ করেছে, সেদিন সেই স্থানও তার সাক্ষ্য দেবে। (সুনানে তিরমিজি, হাদিস: ২৪২৯)
এর অর্থ হলো, মানুষের কোনো কাজই পৃথিবীর বুক থেকে হারিয়ে যাবে না। মসজিদের মেঝে, নামাজের স্থান কিংবা নির্জন কোনো জায়গা, সবই একদিন তার আমলের সাক্ষী হতে পারে। আজ যে জমিনে দাঁড়িয়ে মানুষ ভালো বা মন্দ কাজ করছে, কেয়ামতের দিন সেই জমিনই তার সামনে নিজের সাক্ষ্য তুলে ধরবে।
২. মানুষের নিজের অঙ্গপ্রত্যঙ্গই কথা বলবে
দুনিয়ার জীবনে মানুষ হাত, পা, চোখ ও কান ব্যবহার করে নানা কাজ করে। কখনো হাত দিয়ে অন্যায় করে, পা দিয়ে পাপের পথে এগিয়ে যায়, চোখ দিয়ে নিষিদ্ধ কিছু দেখে কিংবা কান দিয়ে অন্যায় কথা শোনে। অনেক সময় মানুষ মনে করে, গোপনে করা এসব কাজের কোনো প্রমাণ থাকবে না। কিন্তু কেয়ামতের দিন তার নিজের শরীরের অঙ্গপ্রত্যঙ্গই সাক্ষী হয়ে দাঁড়াবে।
আল্লাহ বলেন, ‘আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দেব। তাদের হাত আমার সঙ্গে কথা বলবে এবং তাদের পা তাদের কৃতকর্মের সাক্ষ্য দেবে।’ (সুরা ইয়াসিন, আয়াত: ৬৫)
সুরা ফুসসিলাতের ২০-২১ নম্বর আয়াতেও বলা হয়েছে, সেদিন মানুষের কান, চোখ ও চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। তারা নিজেদের অঙ্গপ্রত্যঙ্গকে প্রশ্ন করবে, কেন তারা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিল। তখন অঙ্গপ্রত্যঙ্গ জানাবে, যিনি সবকিছুকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তিনিই তাদেরও কথা বলার ক্ষমতা দিয়েছেন।
সহিহ মুসলিমের একটি হাদিসেও এ বিষয়ে বর্ণনা রয়েছে। এক ব্যক্তি নিজের অঙ্গপ্রত্যঙ্গের সাক্ষ্য অস্বীকার করতে চাইলে আল্লাহ সেগুলোকে কথা বলার অনুমতি দেবেন। তখন তার অঙ্গপ্রত্যঙ্গই তার কৃতকর্মের বিবরণ তুলে ধরবে। (সহিহ মুসলিম, হাদিস: ২৯৬৯)
৩. আমলনামা সংরক্ষণকারী ফেরেশতারা সাক্ষ্য দেবেন
মানুষের প্রতিটি কথা ও কাজ লিপিবদ্ধ করার জন্য আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। প্রকাশ্যে হোক কিংবা আড়ালে, মানুষের কোনো কাজই তাঁদের কাছে অজানা থাকে না।
পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ‘অবশ্যই তোমাদের ওপর নিয়োজিত রয়েছেন সংরক্ষণকারী ফেরেশতারা, সম্মানিত লেখকবৃন্দ। তাঁরা জানেন তোমরা যা করো।’ (সুরা ইনফিতার, আয়াত: ১০-১২)
কেয়ামতের দিন এসব ফেরেশতা মানুষের আমল ও হিসাব-নিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সুরা কাফে আল্লাহ বলেন, ‘আর শিঙায় ফুঁ দেওয়া হবে। সেটিই হবে প্রতিশ্রুত দিনের সময়। প্রত্যেক ব্যক্তি উপস্থিত হবে, তার সঙ্গে থাকবে একজন চালক ও একজন সাক্ষী।’ (সুরা কাফ, আয়াত: ২০-২১)
তাফসিরবিদদের ব্যাখ্যা অনুযায়ী, এখানে দুজন ফেরেশতার কথা বলা হয়েছে। তাঁদের একজন মানুষকে হাশরের ময়দানে নিয়ে যাবেন, অন্যজন তার জীবনের কাজকর্মের সাক্ষ্য দেবেন। ফলে দুনিয়ায় মানুষের করা কোনো কাজই আমলের হিসাব থেকে বাদ পড়বে না।
৪. নবী-রাসুল ও ন্যায়পরায়ণ উম্মতরাও সাক্ষ্য দেবেন
কেয়ামতের দিন বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়ার বিষয়ে নবী-রাসুলগণ সাক্ষ্য দেবেন। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-ও তাঁর উম্মতের বিষয়ে সাক্ষী হবেন।
আল্লাহ বলেন, ‘অতঃপর যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং আপনাকে তাদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে উপস্থিত করব, তখন কী অবস্থা হবে?’ (সুরা নিসা, আয়াত: ৪১)
এ ছাড়া পূর্ববর্তী নবীদের উম্মতের বিষয়েও সাক্ষ্য দেওয়ার ঘটনা হাদিসে বর্ণিত হয়েছে। সহিহ বুখারির একটি হাদিসে এসেছে, কেয়ামতের দিন হজরত নুহ (আ.)-কে জিজ্ঞাসা করা হবে, তিনি তাঁর উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন কি না। তিনি সম্মতিসূচক উত্তর দেবেন। কিন্তু তাঁর উম্মত তা অস্বীকার করবে।
তখন মুহাম্মদ (সা.)-এর উম্মত সাক্ষ্য দেবে যে, নুহ (আ.) তাঁর উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছিলেন। (সহিহ বুখারি, হাদিস: ৪৪৮৭)
৫. সর্বশ্রেষ্ঠ সাক্ষী হবেন মহান আল্লাহ
কেয়ামতের দিনের সব সাক্ষীর ঊর্ধ্বে রয়েছেন মহান আল্লাহ। মানুষের প্রকাশ্য কিংবা গোপন কোনো কাজই তাঁর অজানা নয়। কে কী করেছে, কার অন্তরে কী ছিল, সবকিছুই তিনি জানেন। তাই তাঁর কাছে মানুষের কাজের বিবরণ তুলে ধরার জন্য অন্য কোনো সাক্ষীর প্রয়োজন নেই। তবু কেয়ামতের দিন তিনি নিজেই সাক্ষী হিসেবে যথেষ্ট হবেন।
আল্লাহ বলেন, ‘বলুন, সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে কোন বস্তু সর্বাধিক বড়? বলুন, আল্লাহ আমার ও তোমাদের মধ্যে সাক্ষী।’ (সুরা আনআম, আয়াত: ১৯)
অন্য আয়াতে বলা হয়েছে, ‘বলুন, আমার ও তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ (সুরা বনি ইসরাইল, আয়াত: ৯৬)
অর্থাৎ মানুষের প্রতিটি কাজ সম্পর্কে আল্লাহ আগে থেকেই অবগত। তাঁর সাক্ষ্যের সামনে কোনো সত্য গোপন করার কিংবা মিথ্যা দিয়ে প্রকৃত ঘটনা আড়াল করার সুযোগ থাকবে না।
কেয়ামতের সাক্ষীদের কথা স্মরণ রেখে জীবন পরিচালনা
দুনিয়ার জীবনে মানুষ কখনো সাক্ষীকে প্রভাবিত করতে পারে, প্রমাণ লুকাতে পারে কিংবা মিথ্যা অজুহাতে নিজের অপরাধ অস্বীকার করতে পারে। কিন্তু কেয়ামতের দিন এমন কোনো কৌশল কাজে আসবে না। পৃথিবী, নিজের অঙ্গপ্রত্যঙ্গ, আমল সংরক্ষণকারী ফেরেশতা, নবী-রাসুল এবং সর্বশক্তিমান আল্লাহর সাক্ষ্যের সামনে মানুষের প্রকৃত অবস্থাই প্রকাশ পাবে।
তাই কেয়ামতের দিনের জবাবদিহির কথা মনে রেখে প্রতিটি কাজ করা একজন মুমিনের দায়িত্ব। যে হাত দিয়ে আজ অন্যায় করা হচ্ছে, সেই হাতই একদিন সাক্ষ্য দিতে পারে। যে চোখ গোপনে পাপের দৃশ্য দেখছে, সেই চোখও সেদিন কথা বলবে। আর যে পৃথিবীকে মানুষ নিজের কাজের নীরব সাক্ষী মনে করছে, সেই পৃথিবীও একদিন তার কৃতকর্মের বিবরণ তুলে ধরবে।
প্রতি / এডি / শাআ



















