একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে: প্রধান উপদেষ্টা

প্রকাশঃ নভেম্বর ১৩, ২০২৫ সময়ঃ ৪:৪৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

আগামী ফেব্রুয়ারিতে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, “আমরা বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হবে। অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধেই দুটি অনুষ্ঠান একসঙ্গে হবে।”

তিনি আরও বলেন, এই সিদ্ধান্তের ফলে সংস্কারের লক্ষ্য কোনোভাবেই বাধাগ্রস্ত হবে না। বরং নির্বাচন আরও উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় সময়ে উপযুক্ত আইন প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টা জানান, জুলাই সনদের আলোকে গণভোটে উপস্থাপনের প্রশ্ন ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে। ভাষণে তিনি সেই প্রশ্নও তুলে ধরেন।

তিনি বলেন, “গণভোটের প্রশ্ন হবে—আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলির প্রতি সম্মতি দিচ্ছেন?”

গণভোটে চারটি মূল বিষয় একসঙ্গে রাখা হবে, যার ওপর নাগরিকরা একটিমাত্র প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ দিয়ে মতামত জানাবেন।

চারটি মূল প্রস্তাব হলো:
১. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী গঠন করা হবে।
২. পরবর্তী সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট। দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ থাকবে, এবং সংবিধান সংশোধনের জন্য সেই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ মত প্রয়োজন হবে।
৩. জুলাই সনদে যেসব ৩০টি বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য হয়েছে, তা বিজয়ী দলগুলো বাস্তবায়ন করতে বাধ্য থাকবে।
৪. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে।

প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন দেশের গণতান্ত্রিক সংস্কারকে আরও শক্তিশালী করবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G