কানাডায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা চালু

প্রকাশঃ সেপ্টেম্বর ১২, ২০২৫ সময়ঃ ৭:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবাসীদের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে এটিকে বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গত বৃহস্পতিবার (অটোয়া সময়) কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই কর্মসূচির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রতীকীভাবে কয়েকজন প্রবাসীর হাতে স্মার্ট এনআইডি কার্ড তুলে দেন। শুক্রবার ঢাকায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিইসি নাসির উদ্দিন বলেন, “প্রবাসী বাংলাদেশিরা যেখানেই থাকুক না কেন, তাঁদের অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রই হয় অন্তর্ভুক্তিমূলক। রেমিট্যান্স, বিনিয়োগ ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই দেশের ভবিষ্যৎ গঠনে সরাসরি অংশগ্রহণের সুযোগও তাঁদের থাকা উচিত।”

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বেও অংশ নেন সিইসি। নতুন এই উদ্যোগের আওতায় প্রবাসীরা এখন অটোয়ার বাংলাদেশ হাইকমিশন ও টরন্টোর কনস্যুলেট জেনারেল অফিসে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার কাজী রাসেল পারভেজ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি হাইকমিশনার দেওয়ান হোসনে আয়ুব।

কর্মকর্তারা জানিয়েছেন, এই কর্মসূচি সরকারের প্রায় এক কোটি প্রবাসী নাগরিকের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও নিশ্চিত করার প্রতিশ্রুতির প্রতিফলন। এর মাধ্যমে জাতীয় উন্নয়নে প্রবাসীদের অবদান যেমন আরও গুরুত্ব পাবে, তেমনি দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াতেও তাঁদের কণ্ঠস্বর প্রতিফলিত হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G