চট্টগ্রামে যে রেস্তোরাঁয় মিলবে আসল মেজবানি রান্নার স্বাদ

প্রকাশঃ জুন ১৬, ২০২৬ সময়ঃ ১১:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪০ অপরাহ্ণ

ধোঁয়া উঠছে বড় বড় হাঁড়ি থেকে। ভেতরে টগবগ করে ফুটছে গরুর মাংস। লালচে রংয়ের ঘন ঝোলের ওপর চিকচিক করছে তেলের স্তর। তার মাঝ থেকে ভেসে আসছে মরিচ, জিরা আর ধনিয়ার তীব্র গন্ধ। দূর থেকেই বোঝা যায়, কোথাও চলছে মেজবানের আয়োজন।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই মেজবানি খাবার একসময় ছিল কেবল বিশেষ উপলক্ষের অংশ। কুলখানি, চেহলাম, মৃত্যুবার্ষিকী কিংবা বিয়ে, গায়েহলুদ, আকিকা—সবখানেই মেজবানের উপস্থিতি ছিল নিয়মিত। তবে সময়ের সঙ্গে সেই ঐতিহ্য এখন জায়গা করে নিয়েছে রেস্তোরাঁ সংস্কৃতিতেও।

চট্টগ্রামের শুলকবহরে গড়ে ওঠা ‘মেজ্জান হাইলে আইয়ুন’ এখন সেই ঐতিহ্যবাহী স্বাদকে নতুনভাবে উপস্থাপন করছে। রেস্তোরাঁটিতে ঢুকতেই ভেসে আসে মেজবানি মাংসের কড়া ঘ্রাণ। এক পাশে সারি সারি টেবিলে বসে আছেন পরিবার ও বন্ধুদের দল। কারও সামনে ভাত, কারও সামনে মাংস আর বুটের ডাল। টেবিলজুড়ে মাটির শানকি আর ঐতিহ্যবাহী পরিবেশনা।

রেস্তোরাঁটির প্রতিষ্ঠাতা মনজুরুল হক জানান, বিদেশে পড়াশোনার সময় রেস্তোরাঁ সংস্কৃতির অভিজ্ঞতা থেকেই এমন উদ্যোগের ভাবনা আসে। পরবর্তীতে দেশে ফিরে তিনি মেজবানের ঐতিহ্যকে আধুনিকভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে কাজ শুরু করেন।

তিনি বলেন, আসল মেজবানি মাংসের স্বাদ নির্ভর করে সঠিক মসলা ও রান্নার ধৈর্যের ওপর। নির্দিষ্ট অংশের কচি ষাঁড়ের মাংস, হাড় ও বিশেষ মসলার সঠিক অনুপাতেই তৈরি হয় এই স্বাদ।

রেস্তোরাঁটিতে পরিবেশিত খাবারের মধ্যে রয়েছে মেজবানি মাংস, কালাভুনা, নলার ঝোল, বুটের ডাল, ভাত ও সালাদ। মাটির পাত্রে পরিবেশন ও ঐতিহ্যবাহী উপস্থাপনা গ্রাহকদের কাছে ভিন্ন অভিজ্ঞতা তৈরি করছে বলে জানান সংশ্লিষ্টরা।

খাবার উপভোগ করতে আসা এক পরিবার জানায়, বাসার রান্নার সঙ্গে এই স্বাদের পার্থক্য অনেক। বিশেষ দিনে পরিবার নিয়ে এখানে এসে মেজবানি খাবারের স্বাদ নেওয়া তাদের জন্য আলাদা অভিজ্ঞতা।

মেজবানি রান্নার মূল বৈশিষ্ট্য হলো ধীর রান্না প্রক্রিয়া। দীর্ঘ সময় ধরে কম আঁচে রান্না করার ফলে মাংস নরম হয় এবং ঝোলে মসলার গভীর স্বাদ তৈরি হয়। ঝাল, মসলা ও ঝোলের ভারসাম্যই এই খাবারের প্রধান শক্তি।

বিশেষজ্ঞদের মতে, মেজবান শুধু একটি খাবার নয়, এটি চট্টগ্রামের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ। অতিথি আপ্যায়নের একটি উন্মুক্ত সংস্কৃতি হিসেবে এটি শত শত বছর ধরে প্রচলিত রয়েছে।

ঐতিহ্যবাহী এই খাবার এখন রেস্তোরাঁ সংস্কৃতির মাধ্যমে নতুন প্রজন্মের কাছেও পৌঁছে যাচ্ছে। তবে মূল স্বাদ ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছেন সংশ্লিষ্ট উদ্যোক্তারা।

চট্টগ্রামের মেজবান তাই এখন শুধু উৎসবের আয়োজন নয়, বরং একটি অভিজ্ঞতা, যা শহরের ইতিহাস, সংস্কৃতি ও মানুষের আন্তরিকতার প্রতিচ্ছবি হয়ে উঠেছে।

প্রতি / এডি / শাআ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

July 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G