বাংলাদেশকে নিষিদ্ধের দাবি জানিয়ে আইসিসির কাছে সাবেক বিসিবি সভাপতির চিঠি

প্রকাশঃ জুন ৩০, ২০২৬ সময়ঃ ১১:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পূর্ণ সদস্যপদ স্থগিত, আইসিসির আর্থিক সহায়তা বন্ধ এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে সাময়িকভাবে বাদ দেওয়ার আহ্বান জানিয়ে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ পাঠিয়েছেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

চিঠিতে তিনি নিজেকে বিসিবির বৈধ নির্বাচিত সভাপতি হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, তাকে এবং তার নেতৃত্বাধীন নির্বাচিত বোর্ডকে পুনর্বহাল না করা পর্যন্ত আইসিসি যেন বর্তমান বোর্ডের সঙ্গে কোনো আনুষ্ঠানিক কার্যক্রম বা আর্থিক লেনদেন না করে।

যদিও শুক্রবার কয়েকটি গণমাধ্যমে বিষয়টি প্রকাশের পর এক ভিডিও বার্তায় আমিনুল ইসলাম বুলবুল দাবি করেন, বাংলাদেশকে নিষিদ্ধ করার জন্য তিনি কোনো চিঠি দেননি এবং এমন খবর সত্য নয়। তবে তার স্বাক্ষরসংবলিত একটি আনুষ্ঠানিক অভিযোগপত্র প্রকাশ্যে এসেছে, যেখানে বিসিবি নিয়ে আইসিসির হস্তক্ষেপ চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।

গত রোববার আইসিসির পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো ওই অভিযোগপত্রে ৭ জুন ২০২৬ অনুষ্ঠিত বিসিবি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এতে অভিযোগ করা হয়, একটি অবৈধ অ্যাড-হক কমিটির তত্ত্বাবধানে রাজনৈতিকভাবে প্রভাবিত কাউন্সিলর তালিকার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যা আইসিসির গঠনতন্ত্রের পরিপন্থী।

চিঠিতে আইসিসির কাছে কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়। এর মধ্যে রয়েছে, নির্বাচিত বোর্ড পুনর্বহাল না হওয়া পর্যন্ত বিসিবির জন্য নির্ধারিত আইসিসির অর্থ এসক্রো হিসাবে আটকে রাখা বা বিতরণ স্থগিত করা। পাশাপাশি বর্তমান বোর্ডকে বৈধ হিসেবে স্বীকৃতি না দেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিষদকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করতে আইসিসির উদ্যোগ নেওয়া উচিত। অভিযোগে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত বোর্ড পুনর্বহাল না হলে আইসিসির সংবিধান অনুযায়ী বিসিবির পূর্ণ সদস্যপদ স্থগিত, আর্থিক সহায়তা বন্ধ এবং আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার মতো ব্যবস্থা বিবেচনা করা যেতে পারে।

অভিযোগপত্রে সাম্প্রতিক বিসিবি নির্বাচনের বিভিন্ন কাউন্সিলর ও পরিচালকদের রাজনৈতিক পরিচয়ও তুলে ধরা হয়েছে। তবে কয়েকজনের দীর্ঘদিনের ক্রিকেট প্রশাসন ও সংগঠক হিসেবে ভূমিকার উল্লেখ সেখানে নেই বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে।

এছাড়া একটি অংশে বিসিবির অ্যাড-হক কমিটির চেয়ারম্যান তামিম ইকবাল খানের আত্মীয় নির্বাচনে অংশ নেওয়াকে স্বার্থের সংঘাত হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে যাকে নিয়ে এই মন্তব্য করা হয়েছে, তিনি দীর্ঘদিন দেশের ক্রিকেট প্রশাসনের সঙ্গে যুক্ত এবং অতীতেও বিসিবির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

চিঠির শেষ অংশে আইসিসির কাছে বিসিবি পরিচালনা সংকট নিরসনে দ্রুত হস্তক্ষেপ এবং নির্বাচিত বোর্ডকে পুনর্বহালের দাবি জানানো হয়েছে। নথিটিতে আইনজীবী ব্যারিস্টার এএসএম সাজ্জাদ হায়দারের নামের পাশাপাশি ‘Confirmed and authorised by’ অংশে আমিনুল ইসলাম বুলবুলের নাম ও স্বাক্ষর রয়েছে।

এদিকে অভিযোগপত্রে উল্লেখিত আইনজীবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G