রাত ৮টার মধ্যেই শপিংমল ও দোকান বন্ধের নির্দেশ

প্রকাশঃ আগস্ট ১৩, ২০২৬ সময়ঃ ৯:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৮ অপরাহ্ণ

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় আনতে দেশের শপিংমল, মার্কেট ও দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (১২ আগস্ট) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

নতুন নির্দেশনা অনুযায়ী, ১২ আগস্ট থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখা যাবে। এর আগে এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল।

মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত সরকারি স্মারকে বলা হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আগের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। ফলে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে রাত ৮টার মধ্যে তাদের কার্যক্রম শেষ করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে স্থাপিত আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। পাশাপাশি বিদ্যুৎ ব্যবহৃত সব ধরনের আলোকসজ্জাও বন্ধ রাখার কথা বলা হয়েছে।

শুধু দোকানপাট ও বিপণিবিতান নয়, দেশের বিভিন্ন এলাকায় চলমান বা সামনে অনুষ্ঠিত হতে যাওয়া মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক আয়োজনের ক্ষেত্রেও একই সময়সীমা কার্যকর হবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকান এবং সংশ্লিষ্ট কিছু প্রতিষ্ঠানকে এই সময়সীমার বাইরে রাখা হয়েছে।

নির্দেশনা বাস্তবায়ন নিশ্চিত করতে সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালনা, সন্ধ্যা ৭টার মধ্যে আলোকিত বিলবোর্ড বন্ধ এবং আলোকসজ্জা বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

এ ছাড়া সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ডিপিডিসি, ডেসকোসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার কাছে নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।

বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং ঢাকা দোকান মালিক সমিতিকেও সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G