রাবির ৯ম সমাবর্তন রোববার
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবম সমাবর্তন আগামিকাল রোববার অনুষ্টিত হবে। এতে ৪ হাজার ৭৭১ জন গ্রাজুয়েটকে সনদপত্র দেয়া হবে।
শুক্রবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাবি উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপাচার্য বলেন, ‘এবারের সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদ ও ইনস্টিটিউশন থেকে পিএইচডি, এমফিল, স্নাতকোত্তর এবং এমবিবিএস, বিডিএস ও ডিভিএম ডিগ্রি অর্জনকারী ৪ হাজার ৭৭১ জন গ্রাজুয়েট নিবন্ধন করেছেন। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ই এবার সম্পূণভার্বে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করেছে। এতে করে সময় ও শ্রম সাশ্রয় হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এত বেশি সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে একটি আয়োজন সম্পন্ন করতে অনেক সীমাবদ্ধতার মুখোমুখি হওয়া স্বাভাবিক। তা সত্ত্বেও আমরা সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সদা প্রত্যয়ী। এ সময় তিনি এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।
অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, স্বাধীনতার পর বিশ্ববিদ্যালয়ে সপ্তম ও অষ্টম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এবার হতে যাচ্ছে নবম সমাবর্তন। এই সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আব্দুল হামিদ উপস্থিত থেকে ডিগ্রিধারীদের ডিগ্রি প্রদান করবেন।
এদিকে, রোববার রাবির নবম সমাবর্তনে ১৬ বছর পর এবার বিশ্ববিদ্যালয়ে আসছেন রাষ্ট্রপতি। এদিন তিনি সমাবর্তনে সভাপতিত্ব করাসহ বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলেরও উদ্বোধন করেন।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, রেজিস্ট্রার এন্তাজুল হক, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন, প্রক্টর তারিকুল হাসান, ছাত্র উপদেষ্টা সাদেকুল আরেফিন এবং জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/আজিজ
























