রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র সংগ্রহ করলো ১১ দলীয় জোট

প্রকাশঃ আগস্ট ১০, ২০২৬ সময়ঃ ৯:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৩ অপরাহ্ণ

রাষ্ট্রপতি নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদকে প্রার্থী করার লক্ষ্যে তাঁর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ১১ দলীয় জোট। সোমবার সকালে জোটের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র নেয়।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা গেলে অলি আহমদ রাষ্ট্রপতি হিসেবে সব পক্ষের কাছে গ্রহণযোগ্য একজন প্রার্থী হতে পারতেন। সেই সুযোগ তৈরি না হওয়াকে তিনি দেশের জন্য হতাশাজনক বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিএনপির অবস্থান ও সংস্কার কার্যক্রম নিয়ে তাদের অনাগ্রহের কারণে একজন অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য ব্যক্তির রাষ্ট্রীয় দায়িত্ব পালনের সম্ভাবনা থেকে দেশ বঞ্চিত হয়েছে।

ক্ষমতাসীন দলের প্রার্থী জয়ী হওয়ার সম্ভাবনা থাকলেও কেন জোট থেকে প্রার্থী দেওয়া হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আযাদ বলেন, তাদের কাছে নির্বাচনটির ফলাফলই প্রধান বিষয় নয়। বরং প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে কার্যকর রাখাই জোটের মূল লক্ষ্য।

রাষ্ট্রপতি পদকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক মর্যাদার একটি দায়িত্ব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই পদে যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়, তাহলে গণতান্ত্রিক চর্চার সুযোগ সীমিত হয়ে যায়। এ কারণে রাষ্ট্রপতি নির্বাচনেও প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে তারা প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ সময় বিএনপির সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, জনগণের রায় এবং গণভোটে পাওয়া সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন করা হয়নি। তাঁর দাবি, গণভোটের সিদ্ধান্ত কার্যকর হলে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কারের বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেত।

হামিদুর রহমান আযাদের মতে, বিদ্যমান ব্যবস্থায় সংসদ সদস্যরা অনেক ক্ষেত্রে নিজেদের বিবেচনা অনুযায়ী ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা পান না। দলীয় নিয়ন্ত্রণের কারণে তাদের ভোটাধিকার সীমিত হয়ে পড়েছে। এর প্রভাব রাষ্ট্রপতি নির্বাচনেও পড়ে বলে তিনি মনে করেন।

তিনি আরও বলেন, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতপ্রকাশ ও ভোট দেওয়ার সুযোগ বাড়ত। একই সঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনেও জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিফলন নিশ্চিত করা সম্ভব হতো।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G