এআইয়ের যুগে ক্যারিয়ারের শুরুতেই যে ২ দক্ষতা জরুরি

প্রকাশঃ অক্টোবর ১২, ২০২৬ সময়ঃ ৯:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৮ অপরাহ্ণ

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার যত বাড়ছে, ততই বদলে যাচ্ছে কাজের ধরন ও প্রয়োজনীয় দক্ষতার চাহিদা। বিশেষ করে কর্মজীবনের শুরুতে থাকা তরুণদের জন্য এই পরিবর্তন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এমন পরিস্থিতিতে ক্যারিয়ারের শুরু থেকেই দুটি গুরুত্বপূর্ণ দক্ষতা গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের প্রধান ট্যালেন্ট, লিডারশিপ ও কালচার কর্মকর্তা অপর্ণা নায়ার।

দক্ষতা দুটি হলো সমালোচনামূলক চিন্তাভাবনা এবং অনিশ্চয়তা ও অস্পষ্টতার মধ্যে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা। তাঁর মতে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে অনেক দক্ষতার চাহিদা বদলে গেলেও মানুষের নিজস্ব চিন্তাশক্তি ও বিচার করার ক্ষমতার গুরুত্ব সহজে কমবে না।

সম্প্রতি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অপর্ণা নায়ার বলেন, কর্মজীবনের শুরুর পর্যায়ে থাকা ব্যক্তিদের নিশ্চিত করতে হবে, তাঁরা যেন সমালোচনামূলক চিন্তা ও সঠিক বিচার-বিবেচনার সক্ষমতা অর্জন করেন। কারণ, কিছু কাজ এখনো মানুষের নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা ও বিশ্লেষণী ক্ষমতার ওপর নির্ভরশীল।

জরিপে উঠে এসেছে যে তথ্য

এআইয়ের যুগে কর্মক্ষেত্রে কোন দক্ষতাগুলো বেশি গুরুত্বপূর্ণ, তা জানতে একটি জরিপ চালিয়েছে আইবিএম। এতে বিশ্বের ১ হাজার ৫০০ জন প্রধান মানবসম্পদ কর্মকর্তা এবং ৮ হাজার ৮০০ কর্মীর মতামত নেওয়া হয়। গত সেপ্টেম্বরে প্রকাশিত জরিপের ফলাফলে দেখা যায়, ৫৭ শতাংশ মানবসম্পদ কর্মকর্তা মনে করেন, এআইনির্ভর কর্মপরিবেশে সমালোচনামূলক চিন্তাভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মীদের মধ্যে একই মত দিয়েছেন ৪৯ শতাংশ।

জরিপে অনিশ্চয়তা ও অস্পষ্ট পরিস্থিতিতে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতার বিষয়টিও উঠে এসেছে। ৪৮ শতাংশ মানবসম্পদ কর্মকর্তা এই দক্ষতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তবে কর্মীদের মধ্যে মাত্র ২৯ শতাংশ এ বিষয়ে একমত হয়েছেন।

এই ব্যবধান থেকে বোঝা যায়, কর্মক্ষেত্রে কোন দক্ষতাগুলো ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, সে বিষয়ে নিয়োগদাতা ও কর্মীদের দৃষ্টিভঙ্গিতে কিছুটা পার্থক্য রয়েছে।

এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতার ঝুঁকি

এআই কাজের গতি বাড়াতে এবং অনেক জটিল কাজ সহজ করতে পারে। তবে এর ওপর অতিরিক্ত নির্ভরতা মানুষের নিজস্ব চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার চর্চাকে দুর্বল করে দিতে পারে বলে উদ্বেগ রয়েছে।

আইবিএমের জরিপে উদ্বেগ প্রকাশ করা কর্মীদের প্রায় চারজনের মধ্যে তিনজন জানিয়েছেন, এআই ইতিমধ্যে তাঁদের কিছু দক্ষতা ক্ষয় করতে শুরু করেছে। তাঁদের উদ্বেগের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনার বিষয়টিও রয়েছে। অন্যদিকে, ৫৭ শতাংশ নির্বাহী কর্মক্ষেত্রে সফলতার জন্য এই দক্ষতাকে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করেন।

একই ধরনের সতর্কতা জানিয়েছেন জ্যাপিয়ারের ট্যালেন্ট অ্যাকুইজিশনের জ্যেষ্ঠ ব্যবস্থাপক বনি ডিলবার। তাঁর পরামর্শ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর না করে নিজেদের জ্ঞান ও বিচার-বিবেচনাকে কাজে লাগানো উচিত। কারণ, সব সিদ্ধান্তের দায়িত্ব প্রযুক্তির হাতে ছেড়ে দিলে কর্মীরা নিজেরাই প্রয়োজনীয় দক্ষতা অর্জন ও তা প্রয়োগের সুযোগ হারাতে পারেন।

চাকরিপ্রার্থীরা যেভাবে দক্ষতা তুলে ধরবেন

নিয়োগদাতার কাছে নিজের সমালোচনামূলক চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তুলে ধরতে চাকরিপ্রার্থীরা বিভিন্ন উদ্যোগ নিতে পারেন। যেমন, লিংকডইনে নিজের পেশা বা সংশ্লিষ্ট শিল্পের কোনো বিষয় নিয়ে বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করা যেতে পারে। এতে কোনো বিষয় বোঝার ক্ষমতা, যুক্তি দিয়ে মত প্রকাশ এবং তথ্য বিশ্লেষণের দক্ষতা তুলে ধরার সুযোগ তৈরি হয়।

অপর্ণা নায়ারের মতে, প্রযুক্তিগত দক্ষতার চাহিদা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। কিন্তু তথ্যের যথার্থতা যাচাই, বিভিন্ন দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া এবং সমালোচনামূলকভাবে চিন্তা করার ক্ষমতা দীর্ঘ মেয়াদে গুরুত্বপূর্ণ থাকবে।

তাই কর্মজীবনের শুরু থেকেই নতুন দক্ষতা শেখার পাশাপাশি নিজের চিন্তাশক্তি, বিচার-বিশ্লেষণ ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। এআইকে কাজের সহায়ক হিসেবে ব্যবহার করলেও চূড়ান্ত সিদ্ধান্তে নিজের জ্ঞান ও বিবেচনাকে গুরুত্ব দেওয়াই হতে পারে ভবিষ্যতের কর্মক্ষেত্রে এগিয়ে থাকার অন্যতম উপায়।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G