এসএসসির প্রথম দিনেই অনুপস্থিত ২৫ হাজারের বেশি শিক্ষার্থী, ৬ জন বহিষ্কার
দেশজুড়ে ১১টি শিক্ষাবোর্ডের অধীনে শুরু হওয়া এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনেই উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। মঙ্গলবার (২১ এপ্রিল) মোট ২৫ হাজার ৪০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি, যদিও তারা আগে ফরম পূরণ করেছিল।
এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিত ছিল ১১ হাজারের বেশি পরীক্ষার্থী। মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নেয়নি ১১ হাজার ২১১ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের ভোকেশনাল শাখায় অনুপস্থিত ছিল আরও ২ হাজার ৩০৭ জন।
পরীক্ষার প্রথম দিনেই অসদুপায় অবলম্বনের অভিযোগে ৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে চারজন মাদ্রাসা বোর্ডের, একজন ঢাকা বোর্ড এবং একজন দিনাজপুর বোর্ড-এর অধীন। একই সঙ্গে দায়িত্বে অবহেলার কারণে কারিগরি বোর্ডের একজন পরিদর্শককেও অব্যাহতি দেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা -এর চেয়ারম্যান প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
প্রথম দিনে সাধারণ বোর্ডগুলোতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ ও তাজভীদ এবং কারিগরি বোর্ডে বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরিসংখ্যান অনুযায়ী, ৯টি সাধারণ বোর্ডের অধীনে ২ হাজার ৪৮১টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়। মোট পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৩৪ হাজার ৮৫৩ জন, যার মধ্যে অংশগ্রহণ করেছে ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন। অনুপস্থিতির হার দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ০৫ শতাংশ।
বোর্ডভিত্তিক হিসেবে দেখা যায়, ঢাকা বোর্ডে প্রায় ২ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল এবং একজন বহিষ্কৃত হয়েছে। রাজশাহী বোর্ডে অনুপস্থিতি ছিল প্রায় ১ হাজার ৯৫৮ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৪২৬ জন, যশোর বোর্ডে ১ হাজার ৪৪১ জন এবং চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।
প্রতি / এডি / শাআ













