কোটা অনুযায়ী কত শতাংশ সরকারি চাকরি, জানালেন প্রতিমন্ত্রী
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে মোট ৭ শতাংশ কোটা রেখে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, বাকি ৯৩ শতাংশ পদে নিয়োগ হচ্ছে সম্পূর্ণ মেধার ভিত্তিতে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন। প্রশ্নটি উত্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম।
প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ২৩ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী বর্তমানে এই নিয়োগ কাঠামো কার্যকর রয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ কোটা নির্ধারিত আছে।
তিনি আরও বলেন, নির্ধারিত নীতিমালা অনুসরণ করেই সরকারি নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে।
প্রতি / এডি / শাআ













