জাতীয় চা দিবসের তারিখ পরিবর্তন করলো সরকার
আন্তর্জাতিক চা দিবসের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে ‘জাতীয় চা দিবস’ পালনের তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতদিন ৪ জুন এ দিবসটি পালন করা হলেও এখন থেকে প্রতি বছর ২১ মে জাতীয় চা দিবস উদযাপন করা হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি বিস্তারিত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত বিদ্যমান পরিপত্রে ‘জাতীয় চা দিবস’-এর তারিখ পরিবর্তনের প্রস্তাব উত্থাপন করে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রিসভা বিষয়টি পর্যালোচনা করে আন্তর্জাতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখার স্বার্থে প্রস্তাবটি অনুমোদন দেয়।
তারিখ পরিবর্তনের পেছনে যুক্তি হিসেবে উল্লেখ করা হয়, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) ২০২০ সাল থেকে প্রতি বছর ২১ মে ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে উদযাপন করে আসছে। এর পাশাপাশি বিশ্বের প্রধান চা উৎপাদনকারী দেশ—ভারত, শ্রীলঙ্কা, চীন, কেনিয়া ও ভিয়েতনাম—একই দিনে দিবসটি পালন করে থাকে।
এ অবস্থায় আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও ‘জাতীয় চা দিবস’ একই দিনে পালনের প্রয়োজনীয়তা দেখা দেয়। সেই বিবেচনায় ৪ জুনের পরিবর্তে ২১ মে তারিখ নির্ধারণ করে সংশ্লিষ্ট পরিপত্র সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে প্রতি বছর ২১ মে জাতীয়ভাবে চা শিল্পের গুরুত্ব, অবদান এবং সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে দিবসটি পালন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রতি / এডি / শাআ













