পরীক্ষায় ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক
দেশের বাজারে বিক্রি হওয়া বিভিন্ন ব্র্যান্ডের টুথপেস্ট নিয়ে পরিচালিত এক গবেষণায় উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। পরিবেশবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) দাবি করেছে, পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে।
রোববার (২৬ জুলাই) রাজধানীতে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এক বছরব্যাপী পরিচালিত গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে সর্বনিম্ন ২০টি থেকে সর্বোচ্চ ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। পরীক্ষায় মেডিপ্লাস ফ্লুরাইড জেল-এ সবচেয়ে বেশি, অর্থাৎ প্রতি ১০০ গ্রামে ৩২০টি কণা পাওয়া গেছে।
এসডোর তথ্যমতে, গবেষণার অংশ হিসেবে দেশের ২ হাজার ৭৬০ জন ভোক্তার ওপর জরিপ চালানো হয়। পাশাপাশি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের এনভায়রনমেন্টাল হেলথ অ্যান্ড ইকোটক্সিকোলজি ল্যাবরেটরিতে স্টিরিওমাইক্রোস্কোপি এবং ফুরিয়ার ট্রান্সফর্ম ইনফ্রারেড (এফটিআইআর) স্পেকট্রোস্কোপি প্রযুক্তির মাধ্যমে নমুনাগুলো পরীক্ষা করা হয়।
পরীক্ষার ফলাফলে দেখা যায়, বিশ্লেষণ করা ২৫টি দেশীয় টুথপেস্টের মধ্যে ২২টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি রয়েছে। এছাড়া ভারতের পাঁচটি নমুনার মধ্যে একটিতে, থাইল্যান্ডের দুটি নমুনার একটিতে এবং ভিয়েতনাম থেকে আনা দুটি টুথপেস্টের দুটিতেই এ ধরনের কণা শনাক্ত হয়েছে।
শিশুদের জন্য তৈরি টুথপেস্ট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। পরীক্ষায় অন্তর্ভুক্ত ছয়টি শিশুদের টুথপেস্টের মধ্যে চারটিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে।
গবেষণা অনুযায়ী, ক্লোজ আপ রেড হট ও ক্লোজ আপ মেন্থল ফ্রেশ-এ প্রতি ১০০ গ্রামে ১৬০টি করে কণা, কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলা (স্ট্রবেরি)-তে ১৪০টি, সিগন্যাল গ্রিন টি-তে ১২০টি, পেপসোডেন্ট অ্যাডভান্স সল্ট ও হিমালয়া কমপ্লিট কেয়ার-এ ১০০টি করে এবং সেনসোডাইন ফ্রেশ মিন্ট-এ ৮০টি মাইক্রোপ্লাস্টিক কণা শনাক্ত হয়েছে।
শিশুদের ব্যবহারের টুথপেস্টের মধ্যে কোডোমো আল্ট্রা শিল্ড ফর্মুলা-য় ১৪০টি, মেরিল বেবি স্ট্রবেরি-তে ৬০টি, মেরিল বেবি অরেঞ্জ-এ ৪০টি এবং পেপসোডেন্ট কিড অরেঞ্জ-এ ২০টি কণা পাওয়া গেছে।
তবে সব পণ্যে এমন কণা মেলেনি। গবেষণায় বাংলাদেশে উৎপাদিত জেনফ্রেশ, প্যারাসুট জাস্ট ফর বেবি (ম্যাঙ্গো) এবং ক্লোজ আপ রেড হট জিংক ফ্রেশ টেকনোলজি টুথপেস্টে কোনো শনাক্তযোগ্য মাইক্রোপ্লাস্টিক পাওয়া যায়নি। একইভাবে শিশুদের জন্য আমদানি করা কোডোমো অরেঞ্জ টুথপেস্টেও এ ধরনের কণার উপস্থিতি শনাক্ত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতি / এডি / শাআ























