প্রযুক্তিপ্রেমী অ্যালেন কেন উদ্ভাবন ছেড়ে অস্ত্র তুলে নিলেন!

প্রকাশঃ এপ্রিল ২৯, ২০২৬ সময়ঃ ১০:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৫ অপরাহ্ণ

ওয়াশিংটনের হিলটন ওয়াশিংটনে আয়োজিত ‘হোয়াইট হাউস করেসপনডেন্টস ডিনার’-এ হামলার ঘটনায় আটক কোল টমাস অ্যালেনকে ঘিরে নতুন নতুন তথ্য সামনে আসছে। ৩১ বছর বয়সী এই ব্যক্তি সাধারণ অপরাধী নন, বরং উচ্চশিক্ষিত ও প্রযুক্তিনির্ভর পেশায় যুক্ত একজন তরুণ হিসেবে পরিচিত ছিলেন।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, অ্যালেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং পেশায় খণ্ডকালীন শিক্ষক। পাশাপাশি তিনি ভিডিও গেম নির্মাণের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন খতিয়ে দেখছে, কীভাবে একজন শিক্ষিত ও সৃজনশীল ব্যক্তি সহিংসতার পথে জড়ালেন।

পাবলিক রেকর্ড ও তার পেশাগত তথ্য অনুযায়ী, অ্যালেনের বাড়ি টরেন্স এলাকায়। ২০১৭ সালে তিনি ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ২০২৫ সালে ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, ডমিঙ্গুয়েজ হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

কর্মজীবনে অ্যালেন ‘সি-টু এডুকেশন’ নামের একটি টিউটরিং প্রতিষ্ঠানে খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটিতে তার পারফরম্যান্সও ছিল প্রশংসনীয়। ২০২৪ সালের ডিসেম্বরে তিনি ‘টিচার অব দ্য মান্থ’ স্বীকৃতিও পেয়েছিলেন বলে জানা গেছে।

শিক্ষকতার পাশাপাশি প্রযুক্তি ও গেম ডেভেলপমেন্টেও তার আগ্রহ ছিল স্পষ্ট। স্টিম প্ল্যাটফর্মে তার তৈরি ‘বোরডম’ নামের একটি ইন্ডি গেম প্রকাশের জন্য তালিকাভুক্ত রয়েছে। এছাড়া ‘ফার্স্ট ল’ নামে আরেকটি গেম প্রকল্প নিয়েও কাজ করছিলেন বলে তার পেশাগত প্রোফাইলে উল্লেখ পাওয়া গেছে।

অ্যালেন এর আগেও উদ্ভাবনী কাজের জন্য পরিচিতি পেয়েছিলেন। ২০১৭ সালে ক্যালটেকে পড়ার সময় তিনি প্রতিবন্ধীদের ব্যবহারের উপযোগী হুইলচেয়ারের জন্য একটি জরুরি ব্রেকিং সিস্টেমের প্রোটোটাইপ তৈরি করেন। সেই উদ্ভাবন স্থানীয় সংবাদমাধ্যমেও আলোচিত হয়েছিল।

তদন্তে আরও জানা গেছে, ২০২৪ সালের অক্টোবরে তিনি তৎকালীন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের নির্বাচনি প্রচারণায় ২৫ ডলার অনুদান দিয়েছিলেন। তদন্তকারীরা তার রাজনৈতিক অবস্থান, সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম এবং সাম্প্রতিক গতিবিধি বিশ্লেষণ করে হামলার পেছনের উদ্দেশ্য বোঝার চেষ্টা করছেন।

বর্তমানে এফবিআই এবং স্থানীয় পুলিশ অ্যালেনের হোটেল কক্ষ থেকে জব্দ করা আলামত ও তার ব্যবহৃত ডিজিটাল ডিভাইস পরীক্ষা করছে। তদন্তকারীদের ধারণা, এসব তথ্য থেকেই হামলার পরিকল্পনা ও উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

20G