বিদ্যুৎ সংকটে সাময়িকভাবে বন্ধ বিশ্ববিদ্যালয়

প্রকাশঃ এপ্রিল ২৬, ২০২৬ সময়ঃ ৯:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৭ অপরাহ্ণ

সিরাজগঞ্জের এনায়েতপুরে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় জটিলতা দেখা দেওয়ায় খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২২ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে নির্ধারিত ভর্তি কার্যক্রম ২৩ এপ্রিল চালু থাকবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় সমস্যা দেখা দেওয়ায় আপাতত পাঠদান ও প্রশাসনিক কাজ বন্ধ রাখা হচ্ছে। ২৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চালুর পরিকল্পনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশনায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, জাতীয় গ্রিড ও নিজস্ব বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার মাধ্যমে খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়, মেডিক্যাল কলেজ, হাসপাতাল, নার্সিং কলেজ এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজসহ একাধিক প্রতিষ্ঠান পরিচালিত হয়। সাম্প্রতিক বিদ্যুৎ ঘাটতি ও ঘন ঘন লোডশেডিংয়ের কারণে এসব প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তবে বৃহৎ চিকিৎসাসেবা সচল রাখতে খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের কার্যক্রম চালু রাখা হয়েছে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চার দিনের জন্য স্থগিত রাখা হয়েছে।

এদিকে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে এনায়েতপুরের তাঁতশিল্পনির্ভর এলাকাজুড়ে বিদ্যুৎ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, টানা এক ঘণ্টাও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলছে না। এর প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসহ সামগ্রিক শিক্ষা পরিবেশে।

বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে ছুটির মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G