সন্ধ্যার পর দোকান বন্ধের নির্দেশ, যেসব সেবা থাকবে চালু

প্রকাশঃ এপ্রিল ৩, ২০২৬ সময়ঃ ৮:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৭ অপরাহ্ণ

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চালু থাকবে। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর অধিকাংশ দোকান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি বিষয়টি জানান।

কোন দোকান খোলা থাকবে

সরকারি নির্দেশনা অনুযায়ী, সন্ধ্যার পর সব ধরনের দোকানপাট ও বিপণিবিতান বন্ধ রাখতে হবে। তবে কিছু জরুরি সেবা এই বিধিনিষেধের বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে কাঁচাবাজার, ফার্মেসি এবং খাবারের দোকান।

বিশেষ করে ওষুধের দোকানগুলো ২৪ ঘণ্টা খোলা রাখার অনুমতি পাবে। এছাড়া খাবারের হোটেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান নির্দিষ্ট সময় পর্যন্ত চালু রাখা যাবে। হাসপাতালের আশপাশে থাকা দোকান ও জরুরি পরিষেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোও এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকতে পারে।

মনিটরিংয়ের দায়িত্ব বাণিজ্য মন্ত্রণালয়ের

এই নির্দেশনা বাস্তবায়নে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর নজরদারি করবে বলে জানানো হয়েছে। সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অফিস ও ব্যাংকের নতুন সময়সূচি

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় এক ঘণ্টা কমানো হয়েছে। এখন থেকে সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে।

অন্যদিকে ব্যাংকের লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে দৈনন্দিন হিসাব-নিকাশ শেষ করতে ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত।

বিশেষ প্রেক্ষাপটে মন্ত্রিসভার বৈঠক

মন্ত্রিসভার বৈঠকটি জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। জানা গেছে, প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়সূচি এবং যাতায়াতের সময় কমানোর বিষয়টি বিবেচনায় এনে সেখানেই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকটি রাত পর্যন্ত চলে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G