পাবলিক পরীক্ষায় ফেল করলে কতবার সুযোগ? জানালেন শিক্ষামন্ত্রী
পাবলিক পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ভবিষ্যতে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ সীমিত করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, একজন শিক্ষার্থীকে সর্বোচ্চ দুইবারের বেশি পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় কেন্দ্র সচিবদের সঙ্গে আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী জানান, বর্তমানে অনেক শিক্ষার্থী একাধিকবার ফেল করার পরও বারবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে। এতে শিক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে। তার ভাষায়, শুধু অনুত্তীর্ণদের পাস করানোই লক্ষ্য হওয়া উচিত নয়, বরং সামগ্রিকভাবে শিক্ষার মান উন্নয়নকে গুরুত্ব দিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমানে শিক্ষার্থীদের পাস করাতে অতিরিক্ত গুরুত্ব দিয়ে বহু ধরনের প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে, যা শিক্ষার গুণগত মানে প্রভাব ফেলতে পারে। এ বাস্তবতায় পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন কাঠামো নতুনভাবে ভাবার সময় এসেছে।
শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক মানের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে হলে পুরো শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করতে হবে।
সভায় রাজশাহী বিভাগের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের সচিব ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে পরীক্ষার পরিবেশ উন্নয়ন এবং মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
প্রতি / এডি / শাআ













