শিক্ষকদের উৎসব ভাতা বাড়িয়ে দ্বিগুণ

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০২৬ সময়ঃ ৮:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪০ অপরাহ্ণ

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য উৎসব ভাতা বাড়িয়ে মূল বেতনের শতভাগ করার আশ্বাস আবারও দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, বর্তমানে যে ভাতা ৫০ শতাংশ হারে দেওয়া হচ্ছে, সেটিকে ভবিষ্যতে ১০০ শতাংশে উন্নীত করা সরকারের দায়িত্ব ও পরিকল্পনার অংশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শিক্ষামন্ত্রী বলেন, অতীতে এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল। এখন সেটিকে আরও বাড়িয়ে পূর্ণ বেতনের সমপর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়ে সরকার কাজ করছে। তিনি মনে করেন, শিক্ষকদের আর্থিক স্বস্তি নিশ্চিত করা গেলে দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি ও শিক্ষা খাতের উন্নয়ন বর্তমান সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে। অতীতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও অনেক ক্ষেত্রেই তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার সেই সীমাবদ্ধতা কাটিয়ে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিতে চায়।

শিক্ষামন্ত্রী জানান, শিক্ষা খাতে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো ধাপে ধাপে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষিত ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা ও পেশাগত স্থিতিশীলতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বক্তব্যে তিনি কৃষি ও স্বাস্থ্য খাতের কথাও তুলে ধরেন। তার ভাষায়, শিক্ষা, কৃষি ও স্বাস্থ্য—এই তিনটি খাতকে সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে কৃষকদের অধিকার ও সম্মান রক্ষায়ও বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

শেষে তিনি আশা প্রকাশ করেন, সরকারের চলমান পরিকল্পনা বাস্তবায়িত হলে শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পর্যায়ক্রমে পূরণ হবে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G