এনআইডি সংশোধন প্রক্রিয়া আরও সহজ করতে ইসির নতুন পরিকল্পনা
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন দ্রুত ও সহজভাবে নিষ্পত্তি করতে নতুন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে চার সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যা আবেদন যাচাই এবং সংশোধন প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে সুপারিশ দেবে।
রোববার (২ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, এনআইডি সংশোধনের আবেদনগুলোর সঙ্গে জমা দেওয়া দলিল ও প্রমাণপত্র যথাযথভাবে মূল্যায়ন করে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই কমিটি কাজ করবে। পাশাপাশি পুরো প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশও দেবে।
কমিটির সদস্যরা
পদবী দায়িত্ব
পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) আহ্বায়ক
উপ-পরিচালক (নিবন্ধন ও প্রবাসী সেবা শাখা) সদস্য
সহকারী পরিচালক (মুদ্রণ ও বিতরণ ইউনিট) সদস্য
সহকারী পরিচালক (সংশোধন ও প্রতিস্থাপন) সদস্য সচিব
কমিটির প্রধান কার্যপরিধি
- এনআইডি সংশোধনের আবেদন বিভিন্ন ধরনের পরিবর্তনের ভিত্তিতে শ্রেণিভুক্ত করা এবং প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় দাপ্তরিক কাগজপত্রের তালিকা তৈরি করা।
- পর্যাপ্ত প্রমাণের অভাবে আগে বাতিল হওয়া আবেদন পুনরায় জমা পড়লে তা নিষ্পত্তির জন্য করণীয় নির্ধারণে সুপারিশ দেওয়া।
- আবেদন দ্রুত নিষ্পত্তির কার্যকর উপায় নির্ধারণ করা।
- সিএমএস (CMS) পোর্টালে বিদ্যমান প্রযুক্তিগত জটিলতা দূর করতে প্রয়োজনীয় উন্নয়ন ও আধুনিকায়নের বিষয়ে মতামত দেওয়া।
- এনআইডি লক, আনলক এবং রোলব্যাক সংক্রান্ত আইনি ও প্রশাসনিক বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কমিটির সুপারিশ বাস্তবায়িত হলে এনআইডি সংশোধনের বর্তমান জটিলতা অনেকটাই কমে আসবে। ফলে আবেদনকারীরা আগের তুলনায় দ্রুত ও সহজে সংশোধন সেবা পাওয়ার সুযোগ পাবেন।
প্রতি / এডি / শাআ























