দক্ষিণ আফ্রিকার মাটিতে ট্রিপল সেঞ্চুরি, ক্রিকেটের ইতিহাসে নতুন রেকর্ড হৃদয়ের
দক্ষিণ আফ্রিকার মাটিতে ব্যাট হাতে অনন্য কীর্তি গড়েছেন বাংলাদেশের তাওহীদ হৃদয়। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের প্রথম ব্যাটার হিসেবে বিদেশের মাটিতে তিনশ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার।
মঙ্গলবারই ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছিলেন হৃদয়। পরদিন বুধবার সেটিকে নিয়ে গেলেন আরও বড় মাইলফলকে। তাঁর এই ইনিংসের মাধ্যমে রকিবুল হাসান ও তামিম ইকবালের পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা বাংলাদেশের তৃতীয় ব্যাটার হলেন তিনি। তবে দেশের বাইরে এমন কীর্তি গড়া প্রথম বাংলাদেশি ব্যাটার এখন হৃদয়।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে শুরুতে কিছুটা চাপে পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। সেই পরিস্থিতি সামলে দলের ইনিংসকে এগিয়ে নেওয়ার মূল দায়িত্ব পালন করেন হৃদয়। ব্যক্তিগত বড় ইনিংসের পাশাপাশি দলকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
চতুর্থ দিনের সকালে নিচের সারির ব্যাটারদের সঙ্গে নিয়ে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে থাকেন হৃদয়। লাঞ্চের সময় বাংলাদেশ ‘এ’ দলের রান ছিল ৮ উইকেটে ৫৭৬। তখনও ক্রিজে অপরাজিত ছিলেন তিনি, নামের পাশে ছিল ২৭৪ রান।
বিরতির পরও থামেনি হৃদয়ের ব্যাট। ধীরে ধীরে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ৪৫১ বল মোকাবিলা করে স্পর্শ করেন ৩০০ রানের অনন্য মাইলফলক।
ম্যাচের পরিস্থিতিতেও হৃদয়ের ইনিংসের গুরুত্ব অনেক। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল ৫১২ রান সংগ্রহ করেছিল। জবাবে বাংলাদেশ ‘এ’ দলের রান দ্রুতই সেই সীমা ছাড়িয়ে যায় হৃদয়ের বড় ইনিংসের সুবাদে।
প্রতিবেদনটি লেখা পর্যন্ত বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৬৫২ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে তারা এগিয়ে আছে ১৪০ রানে। হৃদয় তখন ব্যাট করছিলেন ৩২৮ রানে। তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন রাজা, ৩০ রানে অপরাজিত।
প্রতি / এডি / শাআ






















