ফ্রিজে রাখা খাবার বারবার গরম করে খেলে যে বিপদ হতে পারে
রান্না করা খাবার ফ্রিজে সংরক্ষণ করে পরে খাওয়া অনেক পরিবারেরই নিয়মিত অভ্যাস। তবে একই খাবার বারবার ফ্রিজ থেকে বের করা, গরম করা এবং অবশিষ্ট অংশ আবার ঠান্ডা করে সংরক্ষণ করা স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে কিছু খাবারের ক্ষেত্রে এ ধরনের অভ্যাস থেকে খাদ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে। এর ফলে ফুড পয়জনিংসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিতে পারে।
স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে এমন পাঁচ ধরনের খাবারের কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো সংরক্ষণ ও পুনরায় গরম করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। তাই পুরো খাবার বারবার গরম না করে যতটুকু প্রয়োজন, ততটুকু আলাদা করে গরম করে খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
১. ভাত
অনেকেই একবারে বেশি পরিমাণ ভাত রান্না করে অবশিষ্ট অংশ ফ্রিজে রেখে দেন। পরে প্রয়োজন অনুযায়ী গরম করে খেয়ে থাকেন। তবে ভাত সংরক্ষণের নিয়ম ঠিকভাবে অনুসরণ না করলে তা থেকে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে।
রান্না করা ভাতে ‘ব্যাসিলাস সেরিয়াস’ নামের এক ধরনের ব্যাকটেরিয়া জন্মাতে পারে। বিশেষ করে রান্নার পর দীর্ঘ সময় ভাত ঘরের তাপমাত্রায় রেখে দিলে এই ব্যাকটেরিয়ার বংশবিস্তারের সুযোগ তৈরি হয়। এর ফলে ফুড পয়জনিং হতে পারে।
এ ঝুঁকি কমাতে রান্নার পর দ্রুত ভাত ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। খাওয়ার সময় পুরো পাত্র বের করে গরম না করে প্রয়োজনীয় পরিমাণ আলাদা করে গরম করাই ভালো।
২. মুরগির মাংসের তরকারি
মুরগির মাংস দিয়ে তৈরি তরকারি বা ঝোল সংরক্ষণের ক্ষেত্রেও সাবধানতা জরুরি। একই পাত্রের খাবার বারবার গরম ও ঠান্ডা করলে এবং দীর্ঘ সময় অনুপযুক্ত তাপমাত্রায় রাখলে ক্ষতিকর ব্যাকটেরিয়া বৃদ্ধির আশঙ্কা থাকে।
এ সমস্যা এড়াতে রান্নার পর মুরগির মাংসের তরকারি ছোট ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে রাখা যেতে পারে। এতে প্রতিবার পুরো খাবার গরম করার প্রয়োজন হবে না। খাওয়ার আগে যতটুকু প্রয়োজন, শুধু সেটুকু ভালোভাবে গরম করে নিতে হবে।
৩. মাছ ও সামুদ্রিক খাবার
মাছ ও সামুদ্রিক খাবার সংরক্ষণের বিষয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন। এসব খাবার সঠিক তাপমাত্রায় না রাখলে দ্রুত নষ্ট হতে পারে। রান্নার পর দীর্ঘ সময় বাইরে ফেলে রাখলে ক্ষতিকর জীবাণু জন্মানোর ঝুঁকিও বাড়ে।
এ ছাড়া বারবার গরম ও ঠান্ডা করার কারণে খাবারের স্বাদ এবং গুণগত মানের পরিবর্তন হতে পারে। তাই রান্না শেষে অবশিষ্ট মাছ দ্রুত ফ্রিজে সংরক্ষণ করতে হবে। খাওয়ার সময় প্রয়োজনমতো বের করে ভালোভাবে গরম করে নেওয়া উচিত।
৪. ডিম দিয়ে তৈরি খাবার
ডিমের অমলেট, স্ক্র্যাম্বলড এগ কিংবা ডিমের তরকারি, যেকোনো ধরনের রান্না করা ডিমের খাবার সংরক্ষণে সতর্কতা প্রয়োজন। রান্নার পর দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রেখে দিলে এসব খাবারে ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ তৈরি হতে পারে।
তাই ডিমের খাবার রান্না হয়ে গেলে বেশি সময় বাইরে না রেখে দ্রুত ফ্রিজে রাখতে হবে। পরে খাওয়ার সময় পুরো পাত্র গরম না করে প্রয়োজনীয় অংশ বের করে ভালোভাবে গরম করে নেওয়া ভালো।
৫. ক্রিম ও দুধ দিয়ে তৈরি খাবার
ক্রিম, দুধ বা পনির দিয়ে তৈরি খাবারও সংরক্ষণের ক্ষেত্রে অবহেলা করা উচিত নয়। পনির বাটার মসলা, ক্রিমি পাস্তা এবং বিভিন্ন ধরনের দুধের সস দীর্ঘ সময় ঘরের তাপমাত্রায় থাকলে নষ্ট হয়ে যেতে পারে।
এ ধরনের খাবার বারবার গরম ও ঠান্ডা করার পরিবর্তে রান্নার পর ছোট ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে রাখা ভালো। খাওয়ার আগে প্রয়োজন অনুযায়ী খাবার বের করে গরম করে নিতে হবে।
খাবার সংরক্ষণে যেসব নিয়ম মানবেন
খাবার নিরাপদ রাখতে শুধু পুনরায় গরম করলেই যথেষ্ট নয়। রান্নার পর কত দ্রুত খাবার ঠান্ডা করে সংরক্ষণ করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ। খাবার দীর্ঘ সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখা থেকে বিরত থাকতে হবে।
এ ছাড়া রান্না করা খাবার ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে রাখুন। খাওয়ার সময় একবারে প্রয়োজনীয় পরিমাণ বের করুন এবং খাবারের ভেতর পর্যন্ত ভালোভাবে গরম করুন। সাধারণভাবে রান্না করা খাবার দুই ঘণ্টার বেশি ঘরের তাপমাত্রায় রাখা উচিত নয়। অতিরিক্ত গরম পরিবেশে এই সময়সীমা আরও কমে যায়।
এসব নিয়ম মেনে চললে খাবার নষ্ট হওয়ার আশঙ্কা কমানোর পাশাপাশি ফুড পয়জনিংয়ের ঝুঁকি থেকেও নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখা সহজ হবে।
প্রতি / এডি / শাআ



















