বিশ্বের সবচেয়ে ছোট হরিণ ‘পুডু’, উচ্চতায় বিড়ালের চেয়ে সামান্য বড়
দেখতে অনেকটা সাধারণ হরিণের মতো হলেও আকারে এরা বেশ ছোট। একটি পূর্ণবয়স্ক গৃহপালিত বিড়ালের চেয়ে সামান্য বড় এই প্রাণীটির নাম পুডু। দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে বসবাসকারী এই হরিণকে পৃথিবীর সবচেয়ে ছোট প্রজাতির হরিণ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে বনভূমি ধ্বংস, শিকারি প্রাণীর আক্রমণ এবং সড়ক দুর্ঘটনাসহ নানা কারণে অস্তিত্বের সংকটে পড়েছে ছোট্ট এই প্রাণী।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী, পুডুই বিশ্বের সবচেয়ে ছোট হরিণ। নর্দার্ন পুডু নামে পরিচিত এই প্রজাতির পূর্ণবয়স্ক প্রাণীর কাঁধ পর্যন্ত উচ্চতা সর্বোচ্চ ৩৫ সেন্টিমিটার এবং ওজন প্রায় ৬ কেজি। এর বৈজ্ঞানিক নাম Pudella mephistophiles। আগে প্রজাতিটি Pudu mephistophiles নামে পরিচিত ছিল। পরবর্তী শ্রেণিবিন্যাসে এর গণের নাম পরিবর্তন করে Pudella রাখা হয়েছে।
কোথায় দেখা মেলে পুডুর?
দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালার বনাঞ্চল নর্দার্ন পুডুর প্রধান আবাসস্থল। বিশেষ করে কলম্বিয়া, ইকুয়েডর ও পেরুর পাহাড়ি এলাকায় এদের দেখা যায়। আর্দ্র বনভূমি এবং প্যারামো নামে পরিচিত উঁচু পাহাড়ি তৃণভূমিতে এরা বসবাস করতে পছন্দ করে।
পুডু প্রজাতির আরেকটি ধরন হলো সাউদার্ন পুডু। এদের বৈজ্ঞানিক নাম Pudu puda। চিলি ও আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ বনাঞ্চলে এদের বসবাস। নর্দার্ন পুডুর তুলনায় সাউদার্ন পুডু আকারে কিছুটা বড়। পূর্ণবয়স্ক এদের উচ্চতা সাধারণত ৩৫ থেকে ৪৫ সেন্টিমিটার এবং ওজন ৯ থেকে ১৫ কেজি পর্যন্ত হয়ে থাকে।
লাজুক স্বভাব, খাবার উদ্ভিদ
পুডু সাধারণত নিরিবিলি পরিবেশ পছন্দ করে। এরা বেশির ভাগ সময় একা চলাফেরা করে এবং ঘন ঝোপঝাড়ের মধ্যে নিজেদের আড়াল করে রাখে। দিনের ভোর ও সন্ধ্যার দিকে এদের বেশি সক্রিয় দেখা যায়। তবে খাবারের সন্ধানে রাতেও বের হতে পারে।
এরা সম্পূর্ণ তৃণভোজী প্রাণী। বনের কচি পাতা, লতাপাতা, গুল্ম, ফল, বীজ ও গাছের ছাল খেয়ে জীবন ধারণ করে। উঁচু ডালের পাতা সংগ্রহ করতে কখনো পেছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়ায়। আবার পড়ে থাকা গাছের গুঁড়ি বেয়েও ওপরে ওঠে।
শিকারির হাত থেকে যেভাবে বাঁচে
ছোট আকারের কারণে পুডুকে বিভিন্ন শিকারি প্রাণীর মুখোমুখি হতে হয়। পিউমা, শিয়াল, বন্য বিড়াল ও শিকারি পাখি এদের প্রধান শত্রুদের মধ্যে রয়েছে।
বিপদের আভাস পেলে পুডু কুকুরের ঘেউ ঘেউয়ের মতো শব্দ করে সতর্কবার্তা দেয়। এরপর দ্রুত সোজা পথে না ছুটে এঁকেবেঁকে দৌড়াতে থাকে। সুযোগ পেলে ঘন ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে পড়ে। পালানোর পথ না থাকলে কখনো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। আশপাশের পরিবেশের সঙ্গে শরীরের রং মিশে যাওয়ায় তখন শিকারির চোখে পড়ার আশঙ্কা কমে।
পুরুষ পুডুর মাথায় ছোট আকারের শিং থাকে। এগুলোতে কোনো শাখা থাকে না এবং সাধারণত ৯ থেকে ১০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। অন্য অনেক হরিণের মতো প্রতিবছর পুরোনো শিং ঝরে পড়ে এবং সেখানে নতুন শিং গজায়।
পুডুর শাবক জন্মের পর বেশ কিছুদিন মায়ের সঙ্গে থাকে। জন্মের সময় এদের শরীরে সাদা সাদা দাগ দেখা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দাগগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। বাদামি লোম ও ছোট শরীরের কারণে বনভূমির ঝোপঝাড়ের মধ্যে সহজেই নিজেদের আড়াল করতে পারে।
মাউস ডিয়ার কি সবচেয়ে ছোট হরিণ?
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন অঞ্চলে মাউস ডিয়ার বা ইঁদুর হরিণের দেখা মেলে। আকারে ছোট হওয়ায় অনেকেই একে পৃথিবীর সবচেয়ে ছোট হরিণ বলে মনে করেন। তবে প্রাণিবিজ্ঞানের শ্রেণিবিন্যাস অনুযায়ী, মাউস ডিয়ার প্রকৃত হরিণ পরিবারের প্রাণী নয়।
এরা ট্র্যাগুলিডি (Tragulidae) পরিবারের অন্তর্ভুক্ত। অন্যদিকে পুডু রয়েছে প্রকৃত হরিণ পরিবারের (Cervidae) সদস্য হিসেবে। এ কারণেই প্রকৃত হরিণ প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট হিসেবে নর্দার্ন পুডুকে স্বীকৃতি দেওয়া হয়েছে।
আবাসস্থল হারিয়ে বিপন্নতার ঝুঁকিতে
পৃথিবীর ক্ষুদ্রতম এই হরিণের অস্তিত্ব নানা কারণে হুমকির মুখে পড়ছে। বনভূমি ধ্বংস, কৃষিকাজের বিস্তার এবং মানুষের বসতি বাড়ার কারণে তাদের স্বাভাবিক আবাসস্থল ক্রমেই ছোট হয়ে আসছে। এর পাশাপাশি শিকারি কুকুরের আক্রমণ ও সড়ক দুর্ঘটনাও পুডুর সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা তৈরি করছে।
প্রকৃতি সংরক্ষণবিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের তালিকায় নর্দার্ন পুডুকে ‘তথ্য-অপ্রতুল’ বা ডেটা ডেফিসিয়েন্ট শ্রেণিতে রাখা হয়েছে। অর্থাৎ বন্য পরিবেশে এদের মোট সংখ্যা এবং জনসংখ্যা বাড়ছে নাকি কমছে, সে বিষয়ে পর্যাপ্ত নির্ভরযোগ্য তথ্য নেই। সাউদার্ন পুডুর সংরক্ষণগত অবস্থান নিয়েও বিভিন্ন সূত্রে ভিন্ন শ্রেণিবিন্যাস পাওয়া যায়।
আকারে ছোট হলেও দক্ষিণ আমেরিকার বনাঞ্চলের বাস্তুতন্ত্রে পুডুর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই এই প্রাণীকে টিকিয়ে রাখতে হলে এর প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে সৃষ্ট ঝুঁকি কমানো জরুরি।
প্রতি / এডি / শাআ



















