২টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিল মক্কার ক্লক টাওয়ার

প্রকাশঃ নভেম্বর ১৯, ২০২৬ সময়ঃ ৯:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ণ

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার অন্যতম পরিচিত স্থাপনা ক্লক টাওয়ারের অর্জনের তালিকায় যুক্ত হয়েছে আরও দুটি বিশ্বরেকর্ড। ভবনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সবচেয়ে উঁচু উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। নতুন এই স্বীকৃতির ফলে স্থাপনাটির রেকর্ডের সংখ্যা বেড়ে অন্তত পাঁচটিতে দাঁড়িয়েছে।

সম্প্রতি মক্কা সিটি ও পবিত্র স্থানগুলোর উন্নয়নবিষয়ক রয়্যাল কমিশন নতুন দুটি রেকর্ডের সনদ গ্রহণ করেছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দেওয়া তথ্য অনুযায়ী, ক্লক টাওয়ারের জাদুঘরটি মাটি থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার ওপরে অবস্থিত। আর এর উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের অবস্থান ৫৬০ দশমিক ৮৭৫ মিটার উচ্চতায়।

এই পর্যবেক্ষণ ডেক থেকে পবিত্র মসজিদুল হারামসহ পুরো মক্কা শহরের বিস্তৃত দৃশ্য উপভোগ করা যায়। এত উঁচু থেকে শহরের বিভিন্ন স্থাপনা, স্থাপত্যশৈলী ও ব্যস্ত নগরজীবন দেখার সুযোগ পান দর্শনার্থীরা।

ক্লক টাওয়ারের জাদুঘরে কী রয়েছে?

মক্কার ক্লক টাওয়ারের জাদুঘরটি ২০১৯ সালের মে মাসে সাধারণ দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়। টাওয়ারের একেবারে ওপরের চারটি তলায় অবস্থিত এই জাদুঘরে সময় পরিমাপের ইতিহাস, জ্যোতির্বিজ্ঞান, মক্কার ঐতিহ্য এবং বিশাল ঘড়িটির নির্মাণপ্রক্রিয়া সম্পর্কে নানা তথ্য তুলে ধরা হয়েছে।

এখানে জ্যোতির্বিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রের ইতিহাস, বিবর্তন ও কার্যপদ্ধতি সম্পর্কেও জানার সুযোগ রয়েছে। জাদুঘরটির উচ্চতা নির্ধারণে গিনেস কর্তৃপক্ষ অত্যন্ত নিখুঁতভাবে পরিমাপ করেছে। তাদের হিসাব অনুযায়ী, এটি ভূপৃষ্ঠ থেকে ৪২৬ দশমিক ৮৭৫ মিটার ওপরে অবস্থিত।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সংজ্ঞায়, জাদুঘর হলো এমন একটি প্রতিষ্ঠান, যেখানে মানুষের শিক্ষা ও সাংস্কৃতিক জ্ঞান বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন নিদর্শন ও সংগ্রহ সংরক্ষণ এবং প্রদর্শন করা হয়।

বিশ্বের অন্যতম উঁচু স্থাপনা মক্কা ক্লক টাওয়ার

মক্কা ক্লক টাওয়ারের উচ্চতা ৬০১ মিটার। ২০১২ সালে এর নির্মাণকাজ সম্পন্ন হয়। পবিত্র মসজিদুল হারামের কাছেই অবস্থিত সাতটি সুউচ্চ ভবন নিয়ে গঠিত আবরাজ আল-বাইত কমপ্লেক্সের অংশ এই টাওয়ার। পুরো কমপ্লেক্সটি নির্মাণ করেছে সৌদি বিনলাদিন গ্রুপ। ঘড়ির ওপরে থাকা ৭১ মিটার উচ্চতার চূড়াসহ টাওয়ারটির মোট উচ্চতা ৬০১ মিটার।

টাওয়ারটির চারদিকে রয়েছে চারটি বিশাল ঘড়ির ডায়াল। প্রতিটি ডায়ালের ব্যাস ৪৩ মিটার। আকারের দিক থেকে এগুলো লন্ডনের বিখ্যাত এলিজাবেথ টাওয়ারের ঘড়ির ডায়ালের প্রায় ছয় গুণ। ২০১১ সালের ২৮ নভেম্বর বিশাল আকৃতির ঘড়ির ডায়ালের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়েছিল স্থাপনাটি।

আগের তিন রেকর্ডের সঙ্গে যুক্ত হলো আরও দুটি

নতুন স্বীকৃতি পাওয়ার আগেই মক্কার ক্লক টাওয়ারের ঝুলিতে ছিল তিনটি বিশ্বরেকর্ড। সেগুলো হলো বিশ্বের সর্বোচ্চ ক্লক টাওয়ার, সবচেয়ে বড় ঘড়ির ডায়াল এবং সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ঘড়ির ডায়াল। এবার জাদুঘর ও উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি যুক্ত হওয়ায় মোট রেকর্ডের সংখ্যা অন্তত পাঁচটিতে পৌঁছেছে।

রয়্যাল কমিশনের ভাষ্য অনুযায়ী, এসব আন্তর্জাতিক স্বীকৃতি মক্কার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর উন্নয়ন এবং দর্শনার্থীদের জন্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রচেষ্টাকে তুলে ধরে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি হজ ও ওমরাহ পালনকারী এবং অন্যান্য পর্যটকদের জন্য আরও উন্নত পরিবেশ তৈরিতে কাজ করছে কমিশন।

একই সঙ্গে মক্কার ঐতিহাসিক, বৈজ্ঞানিক ও স্থাপত্যগত ঐতিহ্য বিশ্ববাসীর কাছে তুলে ধরা এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণের লক্ষ্যেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতি / এডি / শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

November 2026
SSMTWTF
 123456
78910111213
14151617181920
21222324252627
282930 
20G