বাজার থেকে তুলে নেওয়া হলো ৩৭ পণ্য, পরীক্ষায় ২৭ শতাংশ খাবার অনিরাপদ
দেশের বাজারে বিক্রি হওয়া খাদ্যপণ্যের মান নিয়ে উদ্বেগজনক তথ্য দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির পরীক্ষায় দেখা গেছে, পরীক্ষা করা নমুনার প্রায় ২৭ শতাংশেই নির্ধারিত মানের ব্যত্যয় রয়েছে। এ অবস্থায় ভোজ্যতেল, পাউরুটি, কেক, শিশুখাদ্য ও গুঁড়া দুধসহ বিভিন্ন শ্রেণির ৩৭টি নিম্নমানের ও ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে কর্তৃপক্ষের পক্ষ থেকে এসব তথ্য উপস্থাপন করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দেওয়া হিসাব অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তিন ধরনের পরীক্ষাগারে মোট ২৫ হাজার ৫২১টি খাদ্য নমুনা বিশ্লেষণ করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৯২৮টি নমুনায় অনুমোদিত মানের চেয়ে বেশি উপাদান কিংবা নির্ধারিত মাত্রার ব্যত্যয় পাওয়া যায়। সেই হিসাবে পরীক্ষিত নমুনার প্রায় ২৭ শতাংশেই অনিয়মের প্রমাণ মিলেছে।
এতসংখ্যক নমুনায় ত্রুটি শনাক্ত হওয়ার পরও কেন মাত্র ৩৭টি পণ্য বাজার থেকে প্রত্যাহার করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, প্রতিটি অনিয়মের জন্য একই ধরনের ব্যবস্থা নেওয়া হয় না। খাদ্যে দূষণের পরিমাণ, পণ্যটি কত মানুষের কাছে পৌঁছায় এবং এর ভোক্তা কারা, এসব বিষয় বিবেচনা করেই ব্যবস্থা নির্ধারণ করা হয়।
মঙ্গলবার সংসদীয় কমিটির বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খাদ্যে দূষণের মাত্রা সব ক্ষেত্রে এক রকম নয়। কোনো পণ্যে দূষণের পরিমাণ কম, আবার কোনো পণ্যে তা তুলনামূলক বেশি হতে পারে।
শফিকুল ইসলাম জানান, শিশু ও বয়স্কদের জন্য তৈরি খাবারের ক্ষেত্রে সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একইভাবে কোনো পণ্য সারা দেশে বাজারজাত হলে তার প্রভাবও ব্যাপক হতে পারে। বিপরীতে কোনো পণ্য নির্দিষ্ট এলাকায় অল্প পরিমাণে বিক্রি হলে সেটির ঝুঁকি মূল্যায়নের ধরন ভিন্ন হতে পারে।
এসব বিবেচনায় পরিস্থিতি অনুযায়ী পণ্য প্রত্যাহার, ধ্বংস, প্রতিষ্ঠানকে সতর্ক করা কিংবা আর্থিক জরিমানার মতো পদক্ষেপ নেওয়া হয়। অপরাধের মাত্রা গুরুতর হলে নিয়মিত মামলাও করা হয় বলে জানান তিনি।
কোন প্রক্রিয়ায় বাজার থেকে সরানো হয় পণ্য
কোনো খাদ্যপণ্যে সমস্যা পাওয়া গেলে সেটি বাজার থেকে প্রত্যাহারের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। সংস্থাটির চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, একটি প্রতিষ্ঠান একই পণ্য বিভিন্ন সময়ে একাধিক ব্যাচে উৎপাদন করতে পারে। তাই পরীক্ষায় কোনো ব্যাচে ত্রুটি পাওয়া গেলে পুরো ব্র্যান্ডের সব পণ্য প্রত্যাহার করা হয় না। বরং যে নির্দিষ্ট ব্যাচে সমস্যা শনাক্ত হয়, সেটিই বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ প্রক্রিয়ার শুরুতে সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়। পাশাপাশি মাঠপর্যায়ের কার্যালয়গুলোতেও নির্দেশনার কপি পাঠানো হয়। এর মাধ্যমে বাজারে থাকা নির্দিষ্ট ব্যাচের পণ্য সরিয়ে নেওয়া হচ্ছে কি না, তা তদারক করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দেশজুড়ে ৭২টি মাঠপর্যায়ের কার্যালয় রয়েছে। এসব কার্যালয়ের কর্মকর্তারা প্রত্যাহারের নির্দেশ কার্যকর হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করেন। প্রয়োজন অনুযায়ী বাজার থেকে সংগ্রহ করা পণ্য ধ্বংস করার ব্যবস্থাও নেওয়া হয়।
পণ্য প্রত্যাহারের তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছানোর বিষয়ে শফিকুল ইসলাম বলেন, অনেক সময় এসব তথ্য কর্তৃপক্ষের নিজস্ব ওয়েবসাইটেও প্রকাশ করা হয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে প্রত্যাহার করা ৩৭টি পণ্যের মধ্যে ভোজ্যতেল, পাউরুটি, কেক, গুড়, চানাচুর, আচার, কেওড়াজল, গোলাপজল, শিশুখাদ্য, সেমাই, চকলেট, বিভিন্ন ধরনের পানীয় এবং গুঁড়া দুধের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৪৩ ধারায় স্পষ্ট নির্দেশনা রয়েছে। কোনো উৎপাদনকারী বা বিক্রেতার কাছে যুক্তিসংগতভাবে মনে হলে যে তাঁর পণ্য নিম্নমানের কিংবা ক্ষতিকর উপাদানযুক্ত, তাহলে জনসাধারণকে অবহিত করে সেটি বাজার থেকে প্রত্যাহারের ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বিষয়টি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক।
এ ছাড়া ওই ধারার আওতায় ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য বাজার থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার ক্ষমতা রয়েছে কর্তৃপক্ষেরও।
তিন ধরনের পরীক্ষাগারে অনিয়মের চিত্র
খাদ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে পরীক্ষার ধরন অনুযায়ী আলাদা পরিসংখ্যান তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, সরকার স্বীকৃত পরীক্ষাগার, ভ্রাম্যমাণ পরীক্ষাগার এবং মিনি ল্যাবের ফলাফলে অনিয়মের হার এক রকম নয়।
ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সরকার স্বীকৃত পরীক্ষাগারে মোট ১ হাজার ৬১৭টি খাদ্য নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯৯৯টি নমুনা নির্ধারিত মানের মধ্যে থাকলেও ৬১৮টিতে অনুমোদিত মাত্রার ব্যত্যয় পাওয়া যায়। অর্থাৎ এসব পরীক্ষাগারে পরীক্ষা করা নমুনার ৩৮ দশমিক ২ শতাংশে অনিয়ম শনাক্ত হয়েছে।
একই সময়ে মোবাইল বা ভ্রাম্যমাণ পরীক্ষাগারে ৯ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯০১টিতে অনুমোদিত সীমার চেয়ে বেশি উপাদান পাওয়া গেছে। এ ধরনের পরীক্ষায় অনিয়মের হার ছিল ৯ দশমিক ৩ শতাংশ।
অন্যদিকে মিনি ল্যাব বা ছোট আকারের পরীক্ষাগারে সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। সেখানে ১৪ হাজার ২২৫টি নমুনার মধ্যে ৫ হাজার ৪০৯টিতে নির্ধারিত মানের ব্যত্যয় ধরা পড়ে। এ ক্ষেত্রে অনিয়মের হার প্রায় ৩৮ শতাংশ।
দেশে বিপুলসংখ্যক খাদ্যপণ্য থাকলেও সব পণ্য নিয়মিত পরীক্ষার আওতায় আনা সম্ভব হচ্ছে না বলে স্বীকার করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম।
তিনি জানান, দেশে হাজার হাজার ধরনের খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাত করা হয়। এসব পণ্যের মান যাচাই শুধু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), কৃষি, মৎস্য এবং প্রাণিসম্পদসংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোও নিজেদের দায়িত্বের আওতায় বিভিন্ন খাদ্যপণ্যের নমুনা পরীক্ষা করে থাকে।
নয় মাসে ১৪৩টি অভিযান, জরিমানা প্রায় দুই কোটি টাকা
খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে শুধু পরীক্ষাগারেই কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ও কারখানায় নিয়মিত অভিযানও পরিচালনা করা হয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নয় মাসে খাদ্য উৎপাদনকারী কারখানাগুলোতে ১৪৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসব অভিযানের ভিত্তিতে ১৩৭টি মামলা হয়েছে। বিভিন্ন অপরাধে মোট ১ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি সাতজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
পরীক্ষায় নির্ধারিত মানের বাইরে পাওয়া খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করার পাশাপাশি সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ও রেস্তোরাঁগুলোকে সতর্কতামূলক নোটিস দেওয়া হচ্ছে।
ফলমূল ও বিভিন্ন খাদ্যপণ্যে কীটনাশক এবং রাসায়নিকের ক্ষতিকর অবশিষ্টাংশ নিয়ন্ত্রণেও কাজ করছে সংস্থাটি। এ লক্ষ্যে অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।
যেসব সংস্থার সঙ্গে এ কার্যক্রমে অংশীদারত্ব রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, বিএসটিআই এবং সিটি করপোরেশন।
শিশুখাদ্য ও দুধে ক্ষতিকর রাসায়নিকের অভিযোগ
খাদ্যপণ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার নিয়ে সংসদীয় কমিটিতেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে শিশুখাদ্য, দুধসহ বিভিন্ন খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক মেশানোর অভিযোগ নিয়ে আলোচনা হয়।
ওই বৈঠকের কার্যবিবরণী অনুযায়ী, পাবনা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আবু তালেব মন্ডল জেলার বাঘাবাড়ী, সাঁথিয়া ও শাহজাদপুরসহ কয়েকটি এলাকায় শিশুখাদ্য ও দুধে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ উত্থাপন করেন।
কমিটির আরেক সদস্য ও সংরক্ষিত নারী আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শামছুন্নাহার বেগম মনে করেন, শুধু বাজারে অভিযান চালিয়ে খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ জন্য খাদ্য উৎপাদনের প্রাথমিক পর্যায় থেকেই নজরদারি জোরদার করতে হবে।
ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের বিষয়টিও বিবেচনায় নেওয়ার সুপারিশ করেন তিনি।
এদিকে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরীক্ষার সুযোগ বাড়াতে নতুন অবকাঠামো তৈরির উদ্যোগের কথা জানান খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। প্রথম বৈঠকে তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় তিনটি বড় পরীক্ষাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া জেলা পর্যায়ে ছোট আকারের পরীক্ষাগার গড়ে তোলা এবং পরীক্ষার কাজে ব্যবহারের জন্য ভ্রাম্যমাণ ল্যাবরেটরির গাড়ি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
আমদানি করা খাদ্যপণ্য দেশের বাজারে প্রবেশের আগেই পরীক্ষা করে ছাড়পত্র দেওয়ার ব্যবস্থাও চালু করার পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী।
খাদ্যে ভেজালের শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত করার আলোচনা
খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইন আরও কঠোর করার বিষয়টি মঙ্গলবারের সংসদীয় কমিটির দ্বিতীয় বৈঠকেও আলোচনায় আসে। বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা প্রয়োজনে খাদ্যে ভেজালের অপরাধে মৃত্যুদণ্ডের বিধান রাখার প্রস্তাবের কথা বলেন।
এ বিষয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী অপরাধের জন্য বর্তমানে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। এর চেয়ে বেশি সাজা দেওয়ার সুযোগ তৈরি করতে হলে আইনে পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, প্রচলিত নিরাপদ খাদ্য আইনে পাঁচ বছরের বেশি কারাদণ্ড দেওয়ার বিধান নেই।
তাঁর মতে, কোনো অপরাধের কারণে জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়লে আরও কঠোর শাস্তির প্রয়োজন হতে পারে। তবে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করতে হলে আইনে নতুন ধারা সংযোজন করতে হবে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের।
যদিও খাদ্যে ভেজালের কারণে মৃত্যুদণ্ডের বিধান বাংলাদেশের আইনে একেবারে নতুন নয়। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫গ ধারায় খাদ্য বা পানীয় এমনভাবে ভেজাল করার শাস্তি নির্ধারণ করা হয়েছে, যাতে তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে ওঠে এবং বিক্রির উদ্দেশ্যে প্রস্তুত বা বাজারজাত করা হয়।
ওই ধারায় ক্ষতিকর খাদ্য বা পানীয় ভেজাল করা কিংবা তা ক্ষতিকর জেনেও বিক্রি করার অপরাধে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।
তবে নিরাপদ খাদ্য আইনে আরও কঠোর সাজা যুক্ত করার ক্ষেত্রে বিচারিক কাঠামো নিয়েও ভাবতে হবে বলে মনে করেন শফিকুল ইসলাম।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সর্বোচ্চ দুই বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়ার ক্ষমতা রয়েছে। খাদ্য আদালতের বিচারকদের ক্ষেত্রেও সাজা দেওয়ার ক্ষমতার নির্দিষ্ট সীমাবদ্ধতা রয়েছে।
তাই মৃত্যুদণ্ডসহ কঠোর শাস্তির বিধান কার্যকর করতে হলে বিশেষ ট্রাইব্যুনাল গঠন অথবা জেলা পর্যায়ের উচ্চতর আদালতকে এ ধরনের অপরাধের বিচার করার ক্ষমতা দেওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন বলে মত দেন তিনি।
প্রশাসনিক জরিমানা বাড়িয়ে ১০ লাখ টাকা করার প্রস্তাব
নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের জন্য মঙ্গলবারের বৈঠকে খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এতে গুরুতর অনিয়মের ক্ষেত্রে প্রশাসনিক জরিমানার পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, কোনো অভিযোগের ভিত্তিতে অথবা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিদর্শনে গুরুতর অনিয়ম শনাক্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত প্রশাসনিক জরিমানা করা যাবে।
বর্তমানে আইনের ৭৮ ধারায় কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করার ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ তিন লাখ টাকা প্রশাসনিক জরিমানার বিধান রয়েছে। নতুন সংশোধনী প্রস্তাবে গুরুতর অনিয়মের জন্য এই সীমা বাড়িয়ে ১০ লাখ টাকা করার কথা বলা হয়েছে।
এ ছাড়া জরিমানার অর্থের একটি অংশ অভিযোগকারীকে দেওয়ার প্রস্তাবও রাখা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, আদায় করা জরিমানার ২৫ শতাংশ অভিযোগকারীকে তাৎক্ষণিকভাবে দেওয়া যেতে পারে। অর্থাৎ কোনো ঘটনায় সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানা আদায় হলে অভিযোগকারী পাবেন আড়াই লাখ টাকা।
তবে অভিযোগকারীর জন্য জরিমানার অর্থের অংশ বরাদ্দ রাখার ধারণাটি সম্পূর্ণ নতুন নয়। বিদ্যমান নিরাপদ খাদ্য আইনের ৬২ ধারাতেও আদালতের আরোপ করা অর্থদণ্ডের ২৫ শতাংশ অভিযোগকারীকে দেওয়ার বিধান রয়েছে।
তবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা বা কর্মচারী অভিযোগকারী হলে তিনি এ সুবিধা পাবেন না। নতুন সংশোধনীতে প্রশাসনিক জরিমানার অর্থ থেকেও অভিযোগকারীকে নির্দিষ্ট অংশ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বৈঠকে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অন্যদিকে সংসদীয় কমিটির সভাপতি আবদুস সালাম পিন্টু মাঠপর্যায়ে খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনে কোনো সিন্ডিকেট কিংবা অনিয়মের অস্তিত্ব পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে কৃষক ও ভোক্তা উভয়ের অধিকার এবং ন্যায্য স্বার্থ সুরক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।
প্রতি / এডি / শাআ





















