মধুমিতার সামনে চলচ্চিত্র ঐক্যজোটের মানববন্ধন
বিনোদন ডেস্ক : উপমহাদেশীয় ভাষার চলচ্চিত্র আমদানির প্রতিবাদে আন্দোলন করছে ১৯টি চলচ্চিত্র সংগঠনের সম্মিলিত প্লাটফর্ম ‘বাংলাদেশ চলচ্চিত্র ঐক্যজোট’। ৫৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে বলিউড চলচ্চিত্র ‘ওয়ান্টেড’।
এর রেশ ধরে শুক্রবার বিকেলে আমদানিকারক প্রতিষ্ঠান ইনউইন এন্টারপ্রাইজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদের মালিকানাধীন মধুমিতা হলের সামনে মানববন্ধন করবে চলচ্চিত্র ঐক্যজোট।
পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার বলেন, “শুক্রবার বিকেল ৫টায় আমরা ‘ওয়ান্টেড’ চলচ্চিত্রের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ইনউইন এন্টারপ্রাইজের সিনেমা হল মধুমিতার সামনে মানববন্ধন করব।”
আন্দোলনকারীদের এ ঘোষণায় মুখোমুখি অবস্থানে চলে এসেছে দুটি পক্ষ। ইনউইন এন্টারপ্রাইজের কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ জানান, তিনি মধুমিতা সিনেমা হলের ভেতরেই রয়েছেন। হলের দর্শকদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে।
নওশাদ আরও বলেন, “সরকারি নিয়ম মেনেই ‘ওয়ান্টেড’ মুক্তি পেয়েছে। তাই সিনেমা হলগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্য সরকারকেই ব্যবস্থা নিতে হবে। পুলিশকে জানানো হয়েছে। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থাও রয়েছে।”
























