আন্দোলনে কমলো শিক্ষার কর
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর শিক্ষার্থীদের আন্দোলনের ফলে শিক্ষার উপর প্রস্তাবিত ১০ শতাংশ মূল্য সংযোজন কর কমিয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হচ্ছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সোমবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের ওপর সাধারণ আলোচনা সভায় পরিবর্তীত এ প্রস্তাব করেন।
অর্থমন্ত্রী কর কমানোর বিষয়ে বলেন, অনেক সংসদ সদস্য এ বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সবশেষ প্রধানমন্ত্রীও এটি কমানোর অনুরোধ করেছেন।
গত ৪ জুন সংসদে উত্থাপিত ২০১৫-১৬ বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে প্রস্তাবিত ১০ শতাংশ মূল্য সংযোজন করের প্রস্তাব করা হয়েছিলো। প্রায় ১৬০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজে এখন মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার লাখ। এখন বিশ্ববিদ্যালয়ের উদ্বৃত্ত তহবিল থেকে ১৫ শতাংশ আয়কর দিতে হয়। এ ছাড়া বাড়ি ভাড়ার ওপরও ৯ শতাংশ কর দিতে হয়।
২০১০ সালেও অর্থমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৪ শতাংশ হারে ভ্যাট আরোপের প্রস্তাব করেছিলেন। তখন এ নিয়ে ক্ষোভ-বিক্ষোভ দেখা দিলে সরকার সেটি বাতিল করে দেয়।
প্রতিক্ষণ/এডি/জুয়েল



















