কুমড়ো পাতায় মোড়ানো চিংড়ির ভাপা, সহজে তৈরি করুন ঘরেই
গ্রামবাংলার অনেক ঐতিহ্যবাহী রান্না আজকাল হারিয়ে যেতে বসেছে। যেমন কচুপাতা দিয়ে চিংড়ির নানা পদ একসময় বেশ জনপ্রিয় ছিল। সেই ধাঁচেই এখন আবার নতুনভাবে ফিরে আসছে কুমড়ো পাতা দিয়ে চিংড়ির ভাপা রান্না। সহজ, কম ঝামেলার এই পদটি গরমের দিনে হতে পারে দারুণ সমাধান।
গরমে চুলার সামনে দাঁড়িয়ে দীর্ঘ সময় রান্না করা সত্যিই কষ্টকর। এই সমস্যার সহজ উপায় হতে পারে ভাপা রান্না। সব উপকরণ একসাথে মেখে একটি পাত্রে ভরে ভাপিয়ে নিলেই হয়ে যায় সুস্বাদু খাবার। নুন, ঝাল আর স্বাদের ভারসাম্য ঠিক থাকলেই এই পদ হবে একদম পারফেক্ট।
এই মৌসুমে বাজারে সহজেই পাওয়া যায় টাটকা কুমড়ো পাতা। এর সঙ্গে ছোট চিংড়ি মিশিয়ে তৈরি করা যায় চমৎকার একটি ভাপা পদ, যা গরম ভাতের সঙ্গে খেতে বেশ লাগে।
উপকরণ
- মাঝারি আকারের কুমড়ো পাতা ৫-৬টি
- ছোট চিংড়ি ২৫০ গ্রাম
- সর্ষে বাটা ২-৩ টেবিল চামচ
- পোস্ত বাটা ১ টেবিল চামচ
- নারকেল কোরানো ২ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা বাটা ৫-৬টি
- চেরা কাঁচা লঙ্কা ৩-৪টি
- হলুদ গুঁড়া আধা চা-চামচ
- সর্ষের তেল ২-৩ টেবিল চামচ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে কুমড়ো পাতাগুলো ভালোভাবে ধুয়ে ছোট করে কেটে নিন। এরপর সামান্য লবণ দিয়ে হালকা ভাপ দিয়ে নরম করে নিন।
এবার একটি পাত্রে চিংড়ি, ভাপানো কুমড়ো পাতা, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, সর্ষে ও পোস্ত বাটা, এবং নারকেল কোরানো একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিন। স্বাদ বাড়াতে সর্ষের তেল একটু বেশি ব্যবহার করতে পারেন।
সব উপকরণ ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনাযুক্ত পাত্র বা টিফিন বক্সে ভরে নিন। এরপর গরম পানির ভাপে ১০ থেকে ১৫ মিনিট রান্না করুন।
রান্না হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কুমড়ো পাতার চিংড়ি ভাপা। সহজ এই পদটি গরমের দিনে এনে দেবে ভিন্ন স্বাদ ও স্বস্তি।
প্রতি / এডি / শাআ









