জেনে নিন কুড়মুড়ে ঢেঁড়স রান্নার সহজ রেসিপি
ঢেঁড়স আমাদের রান্নাঘরের খুবই পরিচিত একটি সবজি। সাধারণ ভাজি বা ঝোলেই এটাকে বেশি খাওয়া হয়। কিন্তু প্রতিদিন একই স্বাদে আর কতদিন? একটু ভিন্ন কিছু খেতে ইচ্ছে করলে ঢেঁড়স দিয়েই বানাতে পারেন দারুণ কুড়মুড়ে একটি স্ন্যাকস। বাইরে খাওয়ার মতো খাস্তা স্বাদ এবার ঘরেই পাওয়া সম্ভব খুব সহজে।
এই রেসিপিটি একবার ট্রাই করলে পরিবারের সবাইকে নতুন কিছু খাওয়ানোর আনন্দও পাবেন।
যা যা লাগবে
- ঢেঁড়স – ২৫০ গ্রাম
- বেসন – ২ টেবিল চামচ
- চালের গুঁড়া – ১ টেবিল চামচ
- আদা-রসুন বাটা – ১/২ চা চামচ
- মরিচের গুঁড়া – ১/২ চা চামচ
- হলুদের গুঁড়া – সামান্য
- লেবুর রস – ১ চা চামচ
- চাট মসলা – ১ চা চামচ
- লবণ – স্বাদমতো
- তেল – ভাজার জন্য প্রয়োজন অনুযায়ী
যেভাবে তৈরি করবেন
প্রথমে ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর পছন্দমতো লম্বা বা মাঝারি টুকরা করে কেটে রাখুন।
এবার ঢেঁড়সের সঙ্গে লেবুর রস, বেসন, চালের গুঁড়া, আদা-রসুন বাটা এবং সব মসলা একসঙ্গে দিয়ে ভালোভাবে মেখে নিন। খেয়াল রাখবেন, এখানে অতিরিক্ত পানি না দেওয়াই ভালো। মিশ্রণটা যদি খুব শুকনো লাগে, তবে খুব অল্প পানি যোগ করতে পারেন।
এরপর কড়াইয়ে তেল গরম করে মাঝারি-লো আঁচে ঢেঁড়সগুলো ধীরে ধীরে ভেজে নিন। সময় নিয়ে ভাজলে এগুলো বেশি কুড়মুড়ে হবে। সোনালি রং ধরলে নামিয়ে তেল ঝরিয়ে নিন।
সবশেষে উপর থেকে চাট মসলা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।
ঘরোয়া এই সহজ রেসিপিতে ঢেঁড়স হয়ে উঠবে একেবারে নতুন রূপে, কুড়মুড়ে আর মজাদার।
প্রতি / এডি / শাআ









