বিএনপি ‘ফোর টোয়েন্টি’ দল: মতিয়া
প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৮:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২০ পূর্বাহ্ণঅমিত শাহর সঙ্গে ফোনালাপ এবং যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যদের ভুয়া বিবৃতির ঘটনা তুলে ধরে বিএনপিকে ‘ফোর টোয়েন্টি’ দল বলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
খালেদাকে ফোন করার খবর ভারতে ক্ষমতাসীন দলের প্রেসিডেন্টের অস্বীকার এবং খালেদাকে নিয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের বিবৃতি দেওয়ার খবর নাকচে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন কৃষিমন্ত্রী।
মতিয়া রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “যারা এমন জালিয়াতি করে, তাদের হাতে দেশ পড়লে কী হবে?
“দেশের শুধু মান-মর্যাদা নয় সব কিছুই ভুলণ্ঠিত হবে। ফোর টোয়েন্টিদের হাতে দেশ নিরাপদ নয়।”
“মিথ্যাচার করা বিএনপির স্বভাব, যা বার বার প্রমাণ হয়েছে,” বলেন এই আওয়ামী লীগ নেতা।
এই প্রসঙ্গে নাগরিক সমাজের সমালোচনা করে তিনি বলেন, “অমিত শাহ ও মার্কিন সিনেটরদের নিয়ে বিএনপি যে মিথ্যাচার করেছে আওয়ামী লীগ সেই মিথ্যাচার করলে এই দলের নেতাদের তুলোধুনা করা হত। কিন্তু সুশীলদের বিবেক এখন চুপ।”

আগামী চার বছর আগে কোনো নির্বাচনের সম্ভাবনা নেই বলে আবার জানান তিনি।
“২০১৪ সালেই তারা এই সংলাপের কথা বলতে পারত। নিয়মরক্ষার খাতিয়ে যে নির্বাচন হয়েছে তা পাঁচ বছরের জন্যই হয়েছে। সরকার পাঁচ বছরের জন্যই তো গঠনের নিয়ম।”
গুলশানের কার্যালয়ে খালেদা জিয়াকে আটক রাখা হয়নি দাবি করে মতিয়া বলেন, “তিনি নিজের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন তাই তার সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে।”
বিএনপির লাগাতার অবরোধে জীবনযাত্রা অচল হয়নি দাবি করে তিনি বলেন, “চোরাগোপ্তা হামলা করে কাপুরুষ আর অক্ষমরা। ঈদ-ই মিলাদুন্নবীর দিন তারা মানুষ পুড়িয়েছে, ইজতেমাতেও ছাড় দেয়নি।”


















