ভাঙতে হবে বিজিএমইএ ভবন : সুপ্রিমকোর্ট

প্রকাশঃ মার্চ ৫, ২০১৭ সময়ঃ ১২:৫৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৬ অপরাহ্ণ

রাজধানীর হাতিরঝিলে পোশাক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর বহুতল ভবন ভাঙার বিষয়ে করা পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ভবনটি ভাঙা ছাড়া আর কোনো পথ থাকল না।

এ ভবনটি কত দিনের মধ্যে ভেঙে সরিয়ে নিতে পারবে, সে বিষয়ে বিজিএমইএ কর্তৃপক্ষকে ৯ মার্চের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। ঐ দিন এ আবেদন নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আদালত।

রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ রিভিউ আবেদন খারিজ করেন।

আইনজীবী কামরুল সিদ্দিকী জানান, আজ বিজিএমইএ ভবন নিয়ে রিভিউ আবেদন খারিজ করা হয়।

গত বছরের ৮ ডিসেম্বর রিভিউ আবেদন দায়ের করে বিজিএমইএ। আবেদনে আপিল বিভাগের রায় স্থগিত করে বহুতল ভবনটি ভেঙে ফেলার জন্য তিন বছরের সময় চাওয়া হয়।

গত বছরের ৮ নভেম্বর বিজিএমইএ ভবন ভাঙার বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। ঐ রায়ে বলা হয়, অবিলম্বে ভাঙতেই হবে এই বহুতল অবৈধ ভবন। ভবন ভাঙার যাবতীয় খরচ বিজিএমইএকেই বহন করতে হবে। বিজিএমইএ না ভাঙলে রায়ের কপি পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজউককে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেয় আপিল বিভাগ। এ জন্য যে অর্থ প্রয়োজন, তা বিজিএমইএর কাছ থেকে নিতে বলা হয়েছে। বিজিএমইএর লিভ টু আপিল খারিজের পূর্ণাঙ্গ রায়ে এ নির্দেশ দেন আপিল বিভাগ।

হাইকোর্ট ২০১১ সালের ৩ এপ্রিল ভূমির মালিকানা স্বত্ব না থাকা এবং ইমারত নির্মাণ বিধিমালা ও জলাধার আইন ভঙ্গ করায় বিজিএমইএ ভবনকে অবৈধ ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G