শিক্ষক পেটানো সেই সার্জেন্ট বরখাস্ত
জাবি প্রতিনিধি, প্রতিক্ষণ ডটকম:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে লাঞ্ছিনাকারী সার্জেন্ট ইমরানকে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
রোববার দুপুর আড়াইটার দিকে তাকে বরখাস্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার এসএম জাহাঙ্গীর আলম সরকার।
এছাড়াও ঘটনায় আলাদা দুইটি তদন্ত কমিটি গঠন করে আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার বেলা সাড়ে বারোটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটের সামনের মহাসড়কে অবস্থান নেন। তারা টায়ার জ্বালিয়ে রাস্তায় অবরোধ করেন। এ সময় তারা দুটি যাত্রীবাহী বাসে ভাঙচুরও করেন। সড়কের উভয় পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. তপন কুমার সাহার নেতৃত্বে প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, মাকে নিয়ে বিমানবন্দর স্টেশনে যাবার পথে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকার উত্তরার হাউজ বিল্ডিংয়ের পাশে এক ট্রাফিক সার্জেন্ট ওই শিক্ষককে লাঞ্ছিত করেন।
প্রতিক্ষণ/এডি/রাকিব/আরেফিন



















