ব্যতিক্রমী চলচ্চিত্রে ফেরদৌস-নিপুন
নিজস্ব প্রতিবেদক
শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে চিত্রনায়ক ফেরদৌস এবং নায়িকা নিপুণ অভিনীত ‘স্বর্গ থেকে নরক’ চলচ্চিত্রটি। মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরির লক্ষ্যে নির্মাণ করা হয়েছে এই চলচ্চিত্র।
চলচ্চিত্রটির নির্মাতা এবং চিত্রনাট্যকার ড. অরূপ রতন চৌধুরী বলেন, চলচ্চিত্রটিতে মাদকের ভয়াবহতা এবং এ থেকে বেরিয়ে আসার একটি বার্তা দেয়া হয়েছে। শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মাদক পাচারকারীদের ধরে বা মাদক আটক করে কোন লাভ হচ্ছে না। মাদকাসক্তের সংখ্যা বেড়েই চলেছে। আমি মনে করি, চলচ্চিত্র সর্বশ্রেষ্ঠ একটি উপায় যার মাধ্যমে একটি শিক্ষা বা একটি সচেতনতামূলক বার্তা আমি তরুণ সমাজের কাছে পৌঁছে দিতে পারি।
চলচ্চিত্র প্রসঙ্গে ফেরদৌস বলেন, “অনেক চলচ্চিত্রেই আমরা বিভিন্ন সামাজিক অসঙ্গতি কিংবা সমস্যা তুলে ধরে তাকে পাশ কাটিয়ে চলে যাই। আমরা দেখাতে চেষ্টা করেছি যে, ড্রাগসটা কিভাবে মানুষের মধ্যে ঢুকে পড়ছে এবং কীভাবে আমরা তাকে সুস্থ করে তুলতে পারি। এই পুরো প্রক্রিয়াটা আমরা দেখিয়েছি। তবে সেটা তথ্যচিত্রের স্টাইলে নয়।
নিপুণ বলেন, এ ধরণের চলচ্চিত্রের মাধ্যমে কিশোর-কিশোরী থেকে সব বয়সের মানুষই সচেতন হতে পারে। চলচ্চিত্র দেখতে গেলে মানুষ বুঝতে পারবে যে এখানে বিনোদনের মাধ্যমে খুব বড় একটা জিনিস দেখানো হচ্ছে। শুধু স্মোকিং, ড্রাগস নিচ্ছে কিংবা ওয়াইন খাচ্ছে সেটা দেখানো নয়, দেখানো হচ্ছে ড্রাগস কিভাবে একটি পরিবারকে ধ্বংস করে দিতে পারে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেছেন, মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের সাথে সাথে জনসচেতনতা তৈরি সমানভাবে গুরুত্বপূর্ণ। আর এই সচেতনতা তৈরির ক্ষেত্রে মাদকবিরোধী চলচ্চিত্র একটি বড় ভূমিকা রাখতে পারে।
সরকারি হিসাবে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা ৫০ লক্ষাধিক। বেসরকারি হিসাবে এই সংখ্যা ৭০-৮০ লক্ষ। এই ভয়াবহ পরিস্থিতিতে এই ধরনের একটি চলচ্চিত্রের মাধ্যমে তরুণ সমাজে কিছুটা হলেও বোধোদয় হবে বলে আশা করা হচ্ছে।
প্রতিক্ষণ/এডি/এফটি


















