মুজাহিদের আপিল শুনানি হচ্ছে না আজ
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিল শুনানি মুলতবি করেছেন আদালত।
শুনানির বিষয়ে এক আদেশে আদালত বলেন, ‘নট টু ডে।’
বুধবার মুজাহিদের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের এক আবেদনের প্রেক্ষিতে আদালত শুনানি মুলতবি করেন।
আদালতে অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আমাদের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অসুস্থ। এজন্য এ মামলার আপিল শুনানিতে তিনি (মাহবুব) আদালতে আসতে পারছেন না। অতএব আজকের দিনের জন্য এই মামলার কার্যক্রম মুলতবির আবেদন করছি। তখন আদালত তাজুলের আবেদনটি মঞ্জুর করেন।
মামলার শুনানির পরবর্তী দিন ধার্য হয়নি। আদালত শুধু এটুকু বলেন, ‘নট টুডে।’ তবে শুনানির আগের দিন শুনানির জন্য সু্প্রিম কোর্টের আপিল বিভাগের কজলিস্টে আনা হবে।
বুধবার বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বেঞ্চে মুজাহিদের আপিল শুনানি শুরু হওয়ার কথা ছিল। মামলাটি আজ কার্যতালিকতায় চার নম্বর ছিল।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৭ জুলাই বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মুজাহিদকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করে।
ওই বছরেরই ১১ আগস্ট ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল করেন আলী আহসান মুহাম্মদ মুজাহিদ। মোট ৯৫ পৃষ্ঠার ১১৫টি গ্রাউন্ডে আপিল আবেদন করা হয়। মূল আবেদনের সঙ্গে তিন হাজার ৮০০ পৃষ্ঠার নথিপত্র সংযোগ করে জমা দেয়া হয়।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত মুজাহিদের বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাতটির মধ্যে পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। প্রথম, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম অভিযোগ প্রমাণিত হয়েছে। এ সব অভিযোগে তাকে মৃত্যুদণ্ডের রায় দেয় ট্রাইব্যুনাল। দ্বিতীয় ও চতুর্থ অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি মুজাহিদকে এ দুই অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়।
প্রতিক্ষন/এডি/মাহ


















