জামিন মিলেছে তারেক রহমানের শাশুড়ির

প্রকাশঃ এপ্রিল ২৩, ২০১৭ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ অপরাহ্ণ

সম্পদের হিসাব গোপন রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে জামিন দিয়েছেন আদালত।

আজ রোববার সকালে ইকবাল মান্দ বানু ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেন। বিচারক মানবিক দিক বিবেচনায় তাঁকে জামিন দিয়েছেন বলে জানিয়েছেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।

গত ১২ এপ্রিল ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। অভিযোগপত্র আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন। গ্রেপ্তার-সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৪ মে দিন ধার্য করেছেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য ২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে নোটিশ দিয়েছিল দুদক। এরপর হাইকোর্টে রিট আবেদন করে স্থগিতাদেশ পান ইকবাল মান্দ বানু।

এ আদেশের বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের ঐ আদেশ স্থগিত হয়ে যায়। এরপর ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপপরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে এ মামলা করেন। সম্পদ বিবরণী জমা দেওয়ার নোটিশ জারির পর নির্দিষ্ট সময়ে কমিশনে হিসাব জমা না দেওয়ায় এ মামলা করা হয়।

মামলার তদন্ত শেষে ১৪ জানুয়ারি অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় দুদক। অনুমোদনের পর ১৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক।

দুদকের উপপরিচালক আবদুস সাত্তার সরকার ঢাকার মুখ্য মহানগর হাকিম শামসুল আরেফিনের আদালতে এ অভিযোগপত্র জমা দেন।

 

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G