ফেব্রুয়ারিতেই মহোৎসবের জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

প্রকাশঃ সেপ্টেম্বর ১৫, ২০২৫ সময়ঃ ১১:০০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি এ নির্বাচনকে অভিহিত করেছেন জাতির “নবজন্মের মহোৎসব” হিসেবে।

রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান সংলাপে তিনি বলেন, এই ঐকমত্য প্রক্রিয়া শুধু বাংলাদেশের জন্য নয়, বরং বিশ্বের জন্যও দৃষ্টান্ত হয়ে থাকবে।

অধ্যাপক ইউনূস বলেন, “শুরুতে সন্দেহ ছিল কমিশনের এই উদ্যোগ কতটা টিকবে। কিন্তু আজকের অগ্রগতি প্রমাণ করছে, আলোচনার মাধ্যমেই বড় সমস্যার সমাধান সম্ভব।” তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্য দেশগুলোর জন্যও পথনির্দেশক হবে।

প্রধান উপদেষ্টা জানান, “আমাদের সামনে এখন কোনো বিকল্প পথ নেই। এই সমতায় আসতেই হবে। এটাই ছাত্র–জনতার দেওয়া সুযোগ, যেখান থেকে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।”

তিনি আরও বলেন, “ফেব্রুয়ারির নির্বাচন কেবল ভোট নয়, এটি জাতির সত্যিকারের নবজন্ম। এত ত্যাগ ও রক্তের সার্থকতা এই নির্বাচনেই প্রকাশ পাবে।”

দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা সতর্ক করেন, বিভাজন বা দ্বিমতের কোনো স্থান নেই। তিনি বলেন, “যখন ঐকমত্যে পৌঁছাব, তখনই নির্বাচন সার্থক হবে।”

অধ্যাপক ইউনূস উদাহরণ টেনে বলেন, “ছাত্র–জনতার অভ্যুত্থান আমাদের হাতে আলাদিনের প্রদীপের মতো শক্তি তুলে দিয়েছে। এই সুযোগ একবারই এসেছে, আর আসবে না। চাইলে আমরা পুরো জাতিকে নতুনভাবে গড়ে তুলতে পারি।”

তিনি আরও বলেন, “আমরা হাইওয়ে তৈরি করেছি, এখন শুধু সাইনবোর্ড বসানো বাকি। পথ স্পষ্ট, গন্তব্যও পরিষ্কার। এই নির্বাচন হবে শান্তি ও নতুন যাত্রার সূচনা।”

নির্বাচন ও সংস্কারের লক্ষ্য প্রসঙ্গে তিনি বলেন, “আমরা এমন কাঠামো তৈরি করছি যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচার আর ফিরে আসতে না পারে। এজন্য সবার ঐকমত্য জরুরি।”

সংলাপে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, এনসিপির সদস্যসচিব আখতার হোসেনসহ অন্যরা বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য গঠন) মনির হায়দার।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G