‘শাপলার পরিবর্তে কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক দিতে চাইছে ইসি’

প্রকাশঃ অক্টোবর ১, ২০২৫ সময়ঃ ৪:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেছেন, শাপলা প্রতীকে কোনো আইনি বাধা না থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন (ইসি) তাদের দলকে উটপাখি, কাপ-পিরিচ বা থালাবাটির মতো ‘হাস্যকর প্রতীক’ দিতে চাইছে।

গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর বাংলামটরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নাসীরুদ্দীন বলেন, “ইসি থেকে নিবন্ধন সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি। সেখানে আমাদের জন্য আলমিরা, উটপাখি, কাপ-পিরিচ, থালাবাটি প্রতীক বরাদ্দ রাখা হয়েছে। এটি স্পষ্টত বৈষম্যমূলক আচরণ। অথচ এনসিপির শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই।”

তিনি আরও অভিযোগ করেন, অন্যান্য দলের প্রতীক জাতীয় প্রতীকের উপাদান থেকে নেওয়া হলেও এনসিপির ক্ষেত্রে অযৌক্তিক আপত্তি তোলা হচ্ছে। “গণঅভ্যুত্থানের পর আমরা স্বাধীন নির্বাচন কমিশনের দাবি জানিয়েছিলাম। কিন্তু বর্তমান কমিশন একদলীয় অফিসে পরিণত হয়েছে। তাদের কর্মকাণ্ড সংবিধানকে প্রশ্নবিদ্ধ করছে,” বলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসীরুদ্দীন বলেন, “‘জাতীয় লীগ’ নামে একটি দল নিবন্ধন পাচ্ছে। অথচ আমরা তাদের কোনো রাজনৈতিক কর্মসূচি দেখিনি। এসব কারণে ইসির প্রতি আমাদের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে।” এ সময় তিনি আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া সব রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলেরও দাবি জানান।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G